খেলাধুলা

বকেয়া পরিশোধে ব্যর্থতা: বাংলাদেশে আইপিএল সম্প্রচার চুক্তি বাতিল

নির্ধারিত সময়ের মধ্যে বকেয়া পরিশোধে ব্যর্থ হওয়ায় বাংলাদেশের ক্রীড়াভিত্তিক চ্যানেল টি-স্পোর্টসের সঙ্গে আইপিএলের সম্প্রচার চুক্তি বাতিল করেছে ভারতের শীর্ষ শিল্পপতি মুকেশ আম্বানির মালিকানাধীন বিনোদনভিত্তিক প্রতিষ্ঠান জিওস্টার। বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা একটি চিঠিতে জানা গেছে, স্থানীয় অংশীদার প্রতিষ্ঠান টি-স্পোর্টস নির্ধারিত সময়ে অর্থ পরিশোধে ব্যর্থ হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত ১৭ ফেব্রুয়ারি তারিখে পাঠানো ওই চিঠিতে জিওস্টার বাংলাদেশি সম্প্রচারমাধ্যম টি-স্পোর্টসকে জানায়, ‘চুক্তিটি তাৎক্ষণিকভাবে বাতিল করা হলো।’ ২০২৩ থেকে ২০২৭ মৌসুম পর্যন্ত আইপিএল সম্প্রচারের স্বত্ব জিওস্টারের কাছ থেকে সাব-লাইসেন্স নিয়েছিল টি-স্পোর্টস। তবে নির্ধারিত অর্থপ্রদানে ‘ধারাবাহিক ব্যর্থতা ও চুক্তি লঙ্ঘনের’ কারণেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়।

এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশে আইপিএলের চলতি মৌসুমের কোনো স্থানীয় সম্প্রচারকারী থাকছে না, এমনকি সরকার সম্প্রচার নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেও তাৎক্ষণিকভাবে খেলা দেখার সুযোগ তৈরি হবে না। বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট লিগ আইপিএলের বাজারমূল্য প্রায় ১৮.৫ বিলিয়ন ডলার এবং বাংলাদেশে এর দর্শক সংখ্যা অনেক বেশি।

এর আগে, চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশ সরকার আইপিএল সম্প্রচার বন্ধ করে দেয়। কারণ হিসেবে উল্লেখ করা হয়, কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেয়, যা ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে করা হয়েছে বলে অভিযোগ ওঠে।

তবে বর্তমানে বাংলাদেশের নির্বাচিত নতুন সরকার আইপিএল সম্প্রচারের বিষয়টি পুনর্বিবেচনা করছে। শনিবার জানানো হয়েছে, পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে ক্রীড়া মন্ত্রণালয়ের মতামতের ভিত্তিতে। তবে জিওস্টারের চুক্তি বাতিলের কারণে সম্প্রচার চালু করলেও তা বাস্তবায়ন করা কঠিন হয়ে পড়বে।

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ও দ্য ওয়াল্ট ডিজনি কোম্পানির যৌথ উদ্যোগ হলো জিওস্টার। তারা অবশ্য রয়টার্সের পক্ষ থেকে করা প্রশ্নের জবাব দেয়নি। আন্তর্জাতিক বার্তা সংস্থাটি জানিয়েছে, একইভাবে তারা টি-স্পোর্টস এবং বাংলাদেশের ক্রীড়া ও তথ্য মন্ত্রণালয় থেকেও কোনো মন্তব্য পায়নি।

উল্লেখ্য, গত ২৮ মার্চ শুরু হওয়া আইপিএলের নতুন মৌসুম নিয়ে বাংলাদেশে ব্যাপক আগ্রহ থাকলেও সম্প্রচার জটিলতায় দর্শকরা খেলা দেখা থেকে বঞ্চিত হচ্ছেন। একই তারিখের আরেকটি চিঠিতে জিওস্টার জানিয়েছে, একই কারণে তারা বাংলাদেশে নারী প্রিমিয়ার লিগের সম্প্রচার চুক্তিও বাতিল করেছে।

ভারত-বাংলাদেশ সম্পর্কও সাম্প্রতিক সময়ে টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে। ২০২৪ সালের আগস্টে ঢাকায় রাজনৈতিক পরিবর্তনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিলে দুই দেশের সম্পর্কের অবনতি ঘটে। তবে নতুন নির্বাচিত সরকারপ্রধান তারেক রহমান ফেব্রুয়ারিতে জানিয়েছেন, পারস্পরিক সম্মান ও স্বার্থের ভিত্তিতে প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক উন্নয়নে বাংলাদেশ আগ্রহী।

সব মিলিয়ে আইপিএল সম্প্রচার বন্ধ হয়ে যাওয়া কেবল ক্রীড়া বিনোদনেই প্রভাব ফেলছে না, বরং এটি দুই দেশের কূটনৈতিক সম্পর্ক ও বাণিজ্যিক সমঝোতার ওপরও প্রভাব ফেলছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

আইএইচএস/