জাতীয় ক্রীড়া সম্মাননা ও ক্রীড়া ভাতা–স্পোর্টস কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর ক্রীড়াবিদদের উপস্থিতি এবং সাফল্য নজর কেড়েছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সোমবার (৩০ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে ক্রীড়া ভাতা ও স্পোর্টস কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে আন্তর্জাতিক পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী ক্রীড়াবিদদের মধ্যে পুরস্কার দেওয়া হয়।
মোট ১২৯ জন ক্রীড়াবিদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যার মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর ২৫ জন (১৪ জন পুরুষ ও ১১ জন নারী) খেলোয়াড় বিশেষ নৈপুণ্য প্রদর্শনের স্বীকৃতিস্বরূপ সম্মাননা লাভ করেন। পরবর্তী ধাপে ক্রীড়া ভাতা কর্মসূচির আওতায় আরও প্রায় ৫০০ জন ক্রীড়াবিদ অন্তর্ভুক্ত হবেন, যার মাধ্যমে সেনাবাহিনীর আরও বেশি খেলোয়াড় ক্রীড়া ভাতার আওতায় আসবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
উল্লেখ্য, ২০২৫ সালে বাংলাদেশ সেনাবাহিনীর ক্রীড়াবিদরা আন্তর্জাতিক প্রতিযোগিতায় মোট ৪৩টি পদক অর্জন করেছে। এছাড়া বিভিন্ন জাতীয় দলে সেনাবাহিনী সর্বমোট ৩৯৫ জন খেলোয়াড় প্রদান করেছে, যা দেশের ক্রীড়া অঙ্গনে তাদের গুরুত্বপূর্ণ অবদানের প্রমাণ।
টিটি/এমএএইচ/