ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় অকটেন মজুত করে অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে একজনকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় ৬০ লিটার অকটেন জব্দ করা হয়েছে।
সোমবার (৩০ মার্চ) বিকেলে ফুলবাড়ীয়া বাজারে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ তাকী তাজওয়ার অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, পাম্প থেকে জ্বালানি সংগ্রহ করে বাজারে ইচ্ছামত দামে বিক্রি করা হতো। লাইসেন্স ছাড়া পেট্রোলিয়াম মজুতের জন্য ও পরিবহনের দায়ে অভিযুক্তকে পেট্রোলিয়াম আইন, ২০১৬ মোতাবেক জরিমানা করা হয়।
ময়মনসিংহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, জব্দ করা অকটেন সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করে সরকারি কোষাগারে জমা দেওয়ার জন্য ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেওয়া হয়েছে। জ্বালানি সংকট নিরসনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এমডিকেএম/এমএএইচ/