শিক্ষা

প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রস্তাব

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগীত শিক্ষক নিয়োগ দিতে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়। প্রস্তাবে বলা হয়েছে, সংগীত শিক্ষক নির্বাচিত করবে সংস্কৃতি মন্ত্রণালয়ে। বেতন-ভাতা দেবে শিক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার (৩১ মার্চ) সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে শিক্ষা মন্ত্রণালয়কে প্রস্তাব দিয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়। এখন এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের পদক্ষেপের অপেক্ষায় আমরা।’

এদিকে সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রস্তাবের বিষয়টি নিশ্চিত করেছে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। বিষয়টি নিয়ে এখনও শিক্ষামন্ত্রী কোনো সিদ্ধান্ত জানাননি।

জানা গেছে, ২০২৫ সালের ২৮ আগস্ট ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫’ -এর প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। এতে অন্যান্য বিষয়ের সঙ্গে সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ে সহকারী শিক্ষক নিয়োগের সুযোগ রাখা হয়েছিল।

তবে ধর্মভিত্তিক বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বিভিন্ন সভা, সেমিনার, বিক্ষোভ সমাবেশে সংগীত শিক্ষকের বদলে ধর্ম শিক্ষক নিয়োগ দেওয়ার দাবি করেন। সংগীত শিক্ষক নিয়োগ বাতিল করা না হলে তারা আন্দোলনেরও হুমকি দেন।

আন্দোলনের মুখে গত নভেম্বরে বিধিমালা সংশোধন করে অন্তর্বর্তী সরকার। তাতে শুধুমাত্র প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক নিয়োগের কথা বলা হয়। সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগের সুযোগ বাদ দেওয়া হয়।

এএএইচ/এমআইএইচএস