গাজীপুরের কালিয়াকৈরে জব্ধ ঘোড়া থানা হেফাজত থেকে গোপনে বিক্রির অভিযোগ উঠেছে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বিরুদ্ধে। পরে সমালোচনার মুখে সোমবার (৩০ মার্চ) উপজেলা প্রশাসন ঘোড়াগুলো ফেরত এনে প্রকাশ্যে নিলামের মাধ্যমে বিক্রি করে। স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গেছে, গত ১৭ মার্চ কালিয়াকৈরের ফুলবাড়িয়া খলিশাজানি এলাকার একটি জঙ্গল থেকে জবাইয়ের জন্য প্রস্তুতিকালে ৯টি ঘোড়া উদ্ধার করে পুলিশ। পরে সেগুলো থানা হেফাজতে রাখা হয়। থানা হেফাজতে রাখা অবস্থায় একটি অসুস্থ হয়ে মারা যায়। হঠাৎ করে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন রোববার (২৯ মার্চ) ভোরে অনেকটা গোপনে এক ব্যক্তির কাছে আটটি ঘোড়া বিক্রি করে দেন।
বিষয়টি জানাজানি হয়ে গেলে ঘোড়াগুলো থানায় ফেরত নিয়ে আসে পুলিশ। অভিযোগ উঠেছে, ফেরত আনা ঘোড়াগুলো পরে উপজেলা প্রশাসন নিলামে বিক্রি করে দেয়।
সোমবার (৩০ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে নিলামের আয়োজন করা হয়। নিলামে অংশ নেন একাধিক ক্রেতা।প্রতিযোগিতামূলক দর হাঁকার মাধ্যমে ঘোড়াগুলো বিক্রি করা হয় বলে জানা গেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ এম ফখরুল হোসাইন জানান, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে নিলামের মাধ্যমে ঘোড়াগুলো বিক্রি করা হয়েছে। আগের ঘটনাটি নিয়ে যে বিভ্রান্তি তৈরি হয়েছিল, তা নিরসনের জন্যই এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
জানতে চাইলে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন বলেন, ঘোড়াগুলো বিক্রি করা হয়নি। সাময়িকভাবে একজনের জিম্মায় দেওয়া হয়েছিল। পরে সেগুলো থানায় ফিরিয়ে আনা হয় এবং নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে।
আমিনুল ইসলাম/এসআর/এএসএম