বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় সারাদেশে স্কুলগুলোতে অনলাইন ও অফলাইন দুভাবেই ক্লাস নেওয়ার পরিকল্পনা করছে সরকার। পাশাপাশি সপ্তাহে ছয় দিন শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম পরিচালনা করা হতে পারে। যেখানে তিনদিন অনলাইন ও তিনদিন ক্লাস হবে অফলাইনে।
মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ছয় দিনের ক্লাস নেওয়ার পরিকল্পনার কথা জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
শিক্ষামন্ত্রী বলেন, দেশে জ্বালানি সাশ্রয়ে প্রধানমন্ত্রী নানান নির্দেশনা দিয়েছেন। এর মধ্যে এখন থেকে দেশের স্কুলগুলো পাঁচ দিনের পরিবর্তে সপ্তাহে ছয় দিন খোলা রেখে অন্তত অনলাইন ও অফলাইনে ক্লাস চালু রাখার চিন্তা রয়েছে। বিশেষ করে মেট্রোপলিটন এলাকাগুলোতে অনলাইনভিত্তিক ক্লাস চালুর ব্যাপারে পরিকল্পনা রয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ঢাকা মহানগরের বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক, বোর্ড কর্মকর্তা এবং মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে সপ্তাহে ছয় দিনই ক্লাসের সিদ্ধান্ত হয়েছে। তিনদিন অনলাইন ও তিনদিন হবে অফলাইনে।
তারা বলছেন, যদি কোনো সমস্যা সামনে আসে সংশোধন করা হবে। শিক্ষকরা স্কুলে এসে ক্লাস নেবেন। জোড়-বিজোড় দিন ভাগ করে হবে অনলাইন ও অফলাইন ক্লাস।
এএএইচ/এমকেআর