আন্তর্জাতিক

সৌদি আরবে অবস্থানরত নিজেদের নাগরিকদের ঘরে থাকতে বললো যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র সরকার সৌদি আরবে অবস্থানরত নিজেদের নাগরিকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঘরের ভেতরে অবস্থান করতে আহ্বান জানিয়েছে।

এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, রিয়াদে অবস্থিত দূতাবাসে কর্মরত সব মার্কিন সরকারি কর্মচারীকেও একই নির্দেশ দেওয়া হয়েছে।

বিশেষ করে হোটেল, মার্কিন ব্যবসা প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো সম্ভাব্য লক্ষ্যবস্তু হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

এই সতর্কতার ফলে সৌদি আরবে অবস্থানরত মার্কিন নাগরিকদের মধ্যে উদ্বেগ বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোকে লক্ষ্যবস্তু করার হুমকি দিয়েছে এবং সংশ্লিষ্ট কর্মী ও আশপাশের মানুষকে দ্রুত এলাকা ছাড়ার আহ্বান জানিয়েছে।

এক বিবৃতিতে আইআরজিসি জানায়, লক্ষ্য নির্ধারণ ও নজরদারিতে মূল ভূমিকা রাখছে মার্কিন আইসিটি ও এআই কোম্পানিগুলো। তাই এখন থেকে এসব প্রতিষ্ঠান আমাদের বৈধ লক্ষ্যবস্তু।

ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজের বরাতে এ তথ্য জানানো হয়।

আইআরজিসি জানিয়েছে, ১৫টির বেশি প্রতিষ্ঠানকে লক্ষ্য করা হবে। এর মধ্যে রয়েছে বোয়িং, টেসলা, মেটা, গুগল ও অ্যাপল।

সূত্র: আল-জাজিরা

এমএসএম