জাতীয়

আইএলও’র সহায়তায় কর্মসংস্থান বাড়াতে চায় সরকার

বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টিতে সরকারকে সহযোগিতার আশ্বাস দিয়েছে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)। সংস্থাটির মহাপরিচালক জিলবার্ট হোংবো বলেছেন, সরকারের অগ্রাধিকার অনুযায়ী কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন ও শ্রম অধিকার নিশ্চিতে আইএলও পাশে থাকবে।

৩৫৬তম আইএলও গভর্নিং বডির বৈঠকে অংশ নিতে জেনেভা সফররত শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী-এর সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এ আশ্বাস দেন। বৈঠকে প্রধানমন্ত্রীর শ্রম, কর্মসংস্থান ও শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন উপস্থিত ছিলেন।

বৈঠকের শুরুতে মহাপরিচালক সাম্প্রতিক নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণের জন্য বর্তমান সরকারকে অভিনন্দন জানান। তিনি বলেন, বাংলাদেশের জনগণের স্বার্থে এই গণতান্ত্রিক উত্তরণ গুরুত্বপূর্ণ এবং নতুন সরকারের সঙ্গে আইএলও ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী।

শ্রমমন্ত্রী জানান, দেশের বিপুল তরুণ ও নারী জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থান সৃষ্টি সরকারের অন্যতম অগ্রাধিকার। এ ক্ষেত্রে আইএলও, বিশেষ করে ঢাকার কার্যালয়, আরও সক্রিয় ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি। এ বিষয়ে মহাপরিচালক একমত পোষণ করে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।

বৈঠকে বাংলাদেশের বিরুদ্ধে চলমান আর্টিকেল-২৬ সংক্রান্ত মামলার নিষ্পত্তিতে আইএলও’র সহযোগিতা কামনা করেন শ্রমমন্ত্রী। জবাবে মহাপরিচালক জেনেভায় বাংলাদেশের স্থায়ী মিশনের কূটনৈতিক তৎপরতার প্রশংসা করে বলেন, বিভিন্ন সদস্য রাষ্ট্রের সঙ্গে সক্রিয় যোগাযোগ এবং নেতৃত্বের কারণে বাংলাদেশ এ বিষয়ে উল্লেখযোগ্য সমর্থন অর্জন করেছে। তবে শ্রমখাতে অগ্রগতির পাশাপাশি কূটনৈতিক যোগাযোগ আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় আন্তর্জাতিক মান বজায় রাখতে বহুজাতিক কোম্পানি ও বৈশ্বিক ব্র্যান্ডগুলোর সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। স্বল্পমূল্যে চিকিৎসা, দুর্ঘটনা বীমাসহ সামাজিক সুরক্ষা কর্মসূচিতে এসব প্রতিষ্ঠানের অংশগ্রহণ বাড়াতে আইএলও’র ভূমিকা প্রত্যাশা করেন শ্রমমন্ত্রী।

উপদেষ্টা মাহদী আমিন বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সরকার গণতান্ত্রিক মূল্যবোধ, মানবাধিকার ও শ্রম অধিকার রক্ষায় কাজ করছে। কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা উন্নয়ন ও শ্রম অধিকার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।

এদিকে আগামী জুনে আইএলও মহাপরিচালকের বাংলাদেশ সফরের সিদ্ধান্তকে স্বাগত জানান শ্রমমন্ত্রী। বৈঠকে জেনেভায় নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত নাহিদা সোবহান, শ্রম সচিব আবদুর রহমান তরফদার এবং শ্রম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবদুস সামাদ আজাদ উপস্থিত ছিলেন।

এমএএস/এমএসএম