বিনোদন

এসএসসিতে ফেল করায় স্ট্রোক করেন মা, পলাশের অজানা করুণ গল্প

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ। তিনি ‘কাবিলা’ চরিত্রে পরিচিত ব্যাচেলর পয়েন্ট নাটকের মাধ্যমে। সম্প্রতি নিজের জীবনের এক হৃদয়বিদারক অধ্যায় তুলে ধরেছেন তিনি।

একটি টেলিভিশন রিয়্যালিটি শোতে অংশ নিয়ে পলাশ জানান, ২০০৯ সালে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার খবরই তার জীবনে বড় ধাক্কা হয়ে আসে। সেই ফলাফল মেনে নিতে পারেননি তার মা। ছেলের ব্যর্থতার খবর শোনার পরই তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন।

পলাশ জানান, তার মা টানা চার বছর কোমায় ছিলেন। সেই সময়টাকে জীবনের সবচেয়ে কঠিন অধ্যায় হিসেবে উল্লেখ করেন এই অভিনেতা।

তিনি বলেন, স্কুলজীবনে তিনি ছিলেন মেধাবী শিক্ষার্থী। ঢাকার গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলে মেধাতালিকায় তৃতীয় হয়ে ভর্তি হয়েছিলেন। কিন্তু এসএসসিতে ব্যর্থতার পর মানসিকভাবে ভেঙে পড়েন এবং ধীরে ধীরে বন্ধু-বান্ধব ও স্বাভাবিক জীবন থেকে দূরে সরে যান।

পরবর্তীতে কলেজে ভর্তি হলেও নিয়মিত পড়াশোনায় মন বসাতে পারেননি। বিশ্ববিদ্যালয় জীবনেও আশানুরূপ ফল করতে পারেননি তিনি। তবে হার মানেননি। তিতুমীর কলেজ থেকে শিক্ষা জীবন শেষ করে নতুন করে পথচলা শুরু করেন।

এরপর তিনি প্রখ্যাত নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর সহকারী হিসেবে কাজ শুরু করেন। সেখান থেকেই ধীরে ধীরে নিজেকে গড়ে তোলেন অভিনয় জগতে।

পলাশ বলেন, কর্মজীবনের শুরুতেও তাকে বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হয়েছে। তবে সেই ব্যর্থতাই তাকে শক্ত করেছে।

তরুণদের উদ্দেশে তিনি বলেন, ‘জীবনে বাদ পড়ে যাওয়া মানেই শেষ নয়। আমি যদি তখন হাল ছেড়ে দিতাম, তাহলে আজকের জায়গায় আসতে পারতাম না।’

 

এলআইএ