ভক্ত ও সমর্থকদের হতাশ করে তৃতীয়বারের মতো বিশ্বকাপ ফুটবলের মূলপর্বে যাওয়া হচ্ছে না চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালির। ইউরোপিয়ান প্লে-অফে বসনিয়া হার্জাগোভিনার কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছে দেশটি।
টানা তৃতীয়বার বিশ্বকাপে কোয়ালিফাই করতে না পারায় আবারও দর্শক হয়েই বিশ্বকাপ দেখতে হবে ইতালিকে। দলটির গোলকিপার জিয়ানলুইজি দোনারুম্মা বর্তমান সময়ের অন্যতম সেরা। পিএসজির হয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জেতার পর যোগ দিয়েছেন ম্যানচেস্টার সিটিতে। ক্লাব ক্যারিয়ারে দারুণ সফল হলেও আন্তর্জাতিক ফুটবলে তেমনকোনো সুখকর স্মৃতি নেই তার।
২০২১ সালের ইউরো জিতেছিলেন তিনি ইতালির জার্সিতে। তবে বিশ্বকাপের বিষয় উঠে আসলে, সেখানে এখনও খেলারই সুযোগ হয়নি তার। ১৬ বছর বয়সে জাতীয় দলে অভিষেক হওয়া দোনারুম্মার এতদিনে তিনটি বিশ্বকাপ খেলার কথা থাকলেও খেলা হয়নি একটিও। বিশ্বকাপ খেলার অপেক্ষা বেড়েছে আরও। কোয়ালিফাই করতে পারলে এবং ফিট থাকলে ২০৩০ বিশ্বকাপে ৩১ বছর বয়সে খেলতে পারেন তিনি।
টাইব্রেকারে বসনিয়ার কাছে হেরে বাদ পড়েছে ইতালি। প্রতিপক্ষের চতুর্থ শটে তাহিরোভিচের নেওয়া পেনাল্টি প্রায় ঠেকিয়েই দিয়েছিলেন দোনারুম্মা। সেই বলটি ঠেকাতে পারলে ইতালির সামনে ফিরে আসার সুযোগ তৈরি হতো। যদিও এই বিদায়ের জন্য দোনারুম্মাকে দায়ী করা যায় না, তবে শেষ মুহূর্তে তার চোখে-মুখে হতাশা ফুটে উঠেছিল।
বসনিয়ার কাছে টাইব্রেকারে হারের মাধ্যমে শুধু ২০২৬ বিশ্বকাপের পথই বন্ধ হয়নি, বরং বড় ম্যাচে ইতালির ধারাবাহিক ব্যর্থতার চিত্রও আবার সামনে এসেছে। এই ব্যর্থতা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি টানা তিন বিশ্বকাপে ইতালির অনুপস্থিতির প্রতিফলন। আর এর ফলেই এক দুর্দান্ত গোলকিপার দোনারুম্মা এখনো বিশ্বকাপে খেলার স্বাদই পাননি।
আইএন