রাজধানীতে দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা নিরসনে নতুন করে উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। সংস্থাটির প্রশাসক আব্দুস সালাম জানান, বর্তমানে ঢাকা শহরে বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য মাত্র তিনটি আউটলেট রয়েছে—কমলাপুর-টিটিপাড়া, দোলাইখাল ও হাতিরঝিল। এই তিন আউটলেট দিয়ে প্রায় ১০৯ বর্গকিলোমিটার এলাকার পানি নিষ্কাশন করা হলেও তা প্রয়োজনের তুলনায় অনেক কম।
বুধবার (১ এপ্রিল) রাজধানীর জলবদ্ধতা নিরসনে গৃহীত মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন কালে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ঢাকার মতো বড় শহরের জন্য তিনটি আউটলেট মোটেও যথেষ্ট নয়। এ কারণে আমরা আরও দুটি নতুন আউটলেট নির্মাণের পরিকল্পনা নিয়েছি।
জানা গেছে, নতুন আউটলেট দুটি নিউমার্কেট-ধানমন্ডি এলাকা এবং পুরান ঢাকার জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এরই মধ্যে এ প্রকল্পে প্রধানমন্ত্রীর সম্মতি পাওয়া গেছে।
এমইউ/এমআইএইচএস