ফরিদপুরে অবৈধভাবে পেট্রোল মজুত ও অতিরিক্ত মূল্যে বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন।
বুধবার (১ এপ্রিল) দুপুরে সদর উপজেলার গেরদা ইউনিয়নের খালেক চেয়ারম্যান বাজার এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপ্ত চক্রবর্তী।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার গেরদা ইউনিয়নের খালেক চেয়ারম্যান বাজার এলাকায় মো. রাশেদ মোল্লার মালিকানাধীন দোকান ও গোডাউনে এ অভিযান চালানো হয়। দোকানে অবৈধভাবে দুই শত ৪৫ লিটার পেট্রোল মজুত এবং অতিরিক্ত মূল্যে বিক্রির প্রমাণ পাওয়া যায়।
বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপ্ত চক্রবর্তী বলেন, অবৈধভাবে পেট্রোল মজুত এবং অতিরিক্ত মূল্যে বিক্রির প্রমাণ পাওয়ায় তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এন কে বি নয়ন/কেএইচকে/এএসএম