অর্থনীতি

জুনের মধ্যে ‘বাংলা কিউআর’ চালু না করলে ৩০ লাখ টাকা জরিমানা

আগামী ৩০ জুনের মধ্যে সব ব্যাংক ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠানের মার্চেন্ট পয়েন্টে নিজস্ব কিউআর কোডের পরিবর্তে কেন্দ্রীয় ব্যাংকের প্ল্যাটফর্মভিত্তিক ‘বাংলা কিউআর’ চালু করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে এই নির্দেশনা বাস্তবায়ন না করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সর্বোচ্চ ৩০ লাখ টাকা জরিমানা করা হতে পারে।

একই সঙ্গে দায়িত্বশীলদের বিরুদ্ধে বিচারিক ব্যবস্থাও নেওয়া হতে পারে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এজন্য জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ম্যাজিস্ট্রেটদেরও বিষয়টি তদারকির জন্য চিঠি দেওয়া হয়েছে।

বুধবার (১ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্ট এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

সার্কুলারে বলা হয়েছে, কোনো ব্যাংক বা এমএফএস প্রতিষ্ঠান এ নির্দেশনা অমান্য করলে পরিশোধ ও নিষ্পত্তি সেবা আইন-২০২৪ এর ৩৭(৫) ধারাসহ প্রযোজ্য আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ ধারার আওতায় কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে সর্বোচ্চ ৩০ লাখ টাকা জরিমানা অথবা তিন বছরের কারাদণ্ড কিংবা উভয় দণ্ডের বিধান রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানান, আইন অনুযায়ী জরিমানা আরোপ করতে পারে কেন্দ্রীয় ব্যাংক। তবে কারাদণ্ড দেওয়ার ক্ষমতা রয়েছে ম্যাজিস্ট্রেটের।

এ বিষয়ে বুধবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান বলেন, নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে চিঠি দেওয়া হয়েছে। তাদের ম্যাজিস্ট্রেটরা বিভিন্ন অভিযানের সময় অন্যান্য বিষয়ের পাশাপাশি এ বিষয়টিও তদারকি করবেন।

সার্কুলারে আরও বলা হয়েছে, আগামী ৩০ জুনের মধ্যে সব ব্যাংক, এমএফএস, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) ও পেমেন্ট সিস্টেম অপারেটরদের (পিএসও) সব মার্চেন্ট পয়েন্টে নিজস্ব কিউআর কোডের পরিবর্তে বাংলা কিউআর চালু করতে হবে। একই সঙ্গে বাংলা কিউআর চ্যানেলে লেনদেন নিরবচ্ছিন্ন রাখতে প্রয়োজনীয় কারিগরি সমন্বয় ও ইন্টারঅপারেবিলিটি নিশ্চিত করতে হবে।

মার্চেন্ট পয়েন্টে কিউআর কোড দৃশ্যমানভাবে প্রদর্শন নিশ্চিত করতে নিয়মিত তদারকি করার নির্দেশও দেওয়া হয়েছে। কোনো মার্চেন্ট পয়েন্টে পেমেন্টের বাইরে ক্যাশ আউট কার্যক্রম পাওয়া গেলে সংশ্লিষ্ট মার্চেন্টের বাংলা কিউআর বাতিল করতে হবে বলেও উল্লেখ করা হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, দেশজুড়ে একটি ইন্টারঅপারেবল, নিরাপদ ও ব্যয় সাশ্রয়ী ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেম গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংক বাংলা কিউআরভিত্তিক পরিশোধ ব্যবস্থা চালু করেছে। গ্রাহকের স্বার্থ সংরক্ষণ ও আধুনিক ক্যাশলেস লেনদেন ব্যবস্থা শক্তিশালী করতেই নতুন এ নির্দেশনা দেওয়া হয়েছে।

বাংলা কিউআর চালুর মূল উদ্দেশ্য হলো- সব ব্যাংক ও এমএফএস অ্যাপভিত্তিক লেনদেনকে একটি অভিন্ন কিউআর প্ল্যাটফর্মে আনা। এতে যে কোনো ব্যাংক বা এমএফএসের গ্রাহক একই কিউআর স্ক্যান করে অর্থ পরিশোধ করতে পারবেন।

লেনদেনে স্বচ্ছতা বাড়ানো, ঝুঁকি কমানো ও দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করতে ২০২৩ সালে আন্তঃব্যাংক কিউআরভিত্তিক এ লেনদেন ব্যবস্থা চালু করে বাংলাদেশ ব্যাংক। ২০২৭ সালের মধ্যে মোট লেনদেনের ৭৫ শতাংশ ক্যাশলেস করার লক্ষ্যও নির্ধারণ করা হয়েছে। এজন্য এখন নতুন ট্রেড লাইসেন্স নেওয়া বা নবায়নের ক্ষেত্রেও কিউআরভিত্তিক পরিশোধ ব্যবস্থা থাকা বাধ্যতামূলক করা হয়েছে।

ইএআর/ইএ