ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮টি নৈশ মার্কেট চালুর পরিকল্পনা রয়েছে বলে জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। তিনি জানান, ফুটপাত থেকে হকার ও অটোরিকশা হুট করে উচ্ছেদ করা যাবে না। তাদের জন্যে বিকল্প ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে রাজধানীর নগর ভবনে এক সংবাদ সম্মেলনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম এসব কথা জানান। এ সময় তিনি দক্ষিণ সিটির উন্নয়নে জলাবদ্ধতা, যানজট ও মশা নিধনে নানা পরিকল্পনার কথা জানান।
মশা নিধনে শতভাগ সফল কি না এমন প্রশ্নের উত্তরে ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক বলেন, মশা নিধন হবে না, মশা নিয়ন্ত্রণ হবে। কারণ এই মশার ওষুধের ব্যবহারের ব্যাপারে কিন্তু আমাদের কীটতত্ত্ববিদ যারা আছে, পরিবেশবিদ যারা আছে, তাদের সঙ্গে কনসাল্ট না করে কিন্তু আমরা অনেক কাজ করতেও পারি না।
মশা নিধনে ডিজেল সংকটের বিষয়ে তিনি বলেন, আমার এরইমধ্যে বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে এবং কথা বলার সঙ্গে সঙ্গেই ওনারা ব্যবস্থা নিয়েছেন এবং ইট হ্যাজ বিন সলভড।
দক্ষিণ সিটির এই প্রশাসক বলেন, ম্যানহোলের কথা বললেন। এটা আমরা জানি যে, আজকে বিভিন্ন এলাকাগুলোতে এই মাদকসেবীরা, দেখা যায় ম্যানহোলের কাভারটা নিয়ে বিক্রি করলে তারা কিছু পয়সা পায়। এগুলো বন্ধ করার জন্য আগে যেটা আমাদের ম্যানহোল কাভারটা লোহার ছিল, সেটা এখন আমরা বিকল্প হিসেবে ফাইবারের করছি। যেটা অন্তত তারা নিতে পারবে না। আর আরেকটা হলো যে- এগুলো নেওয়ার পরে আমাদের কাছে কমপ্লেইনটা আসতে আসতে আমরা চেষ্টা করি সেগুলোকে রিপ্লেস করার জন্য।
অটোরিকশা ও রিকশার বিষয়ে আব্দুস সালাম বলেন, সব রিকশার ব্যাপারে, যান্ত্রিক রিকশার ব্যাপারে এগুলো আমরা অলরেডি বসছি। আমরা পর্যায়ক্রমে এগুলোকে কীভাবে একটা সিস্টেমে আনা যায় সেটার জন্য আমরা চেষ্টা করছি। পাশাপাশি দেখেন যেটা আপনারা বলেন যে হকার, যে ঢাকা শহরে আমাদের বিভিন্ন ফুটপাত, বিভিন্ন রাস্তাগুলো অকুপাই করে থাকে হকার। এগুলোকেও আমরা একটা সিস্টেমে আনতে চাই।
তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী যেটা চান, শুধু হুট করে উচ্ছেদ করলে হবে না। এদের একটা বিকল্প ব্যবস্থাও করতে হবে। সেটার জন্য ঢাকা শহরে আমরা ৮টা নৈশ মার্কেট করার চিন্তা করছি। নৈশ মার্কেট বলি বা যেটাই বলি, নৈশকালীন। অর্থাৎ, অফিস আওয়ারের পর বিকাল থেকে শুরু করে রাত ১২টার আগ পর্যন্ত সেখানে এদের আমরা ওই সব জায়গায় বসাতে চাই যেন সারাদিন সব জায়গায় হকারদের মার্কেট না বসে।
অটোরিকশার ব্যাপারে তিনি আরও বলেন, এ ব্যাপারে অলরেডি আমরা ট্রাফিকসহ বসেছি। প্রধানমন্ত্রীও সেখানে ছিলেন। উনি নিজেও বারবার বলেছেন আমাদের দ্রুত কীভাবে সমস্যাটা সমাধান করা যায়। তো সেটা তো শুধু উচ্ছেদ করলে তো হবে না, এটা একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে একটা সিস্টেমের মধ্যে আনতে হবে। তো সেটার জন্য আমরা চিন্তা করছি দ্রুতভাবে এটা কীভাবে কী করা যায়। হয়তো কিছুদিনের মধ্যেই আপনারা দেখবেন।
ইএইচটি/এএমএ