আন্তর্জাতিক

মার্কিন তেল অবরোধ পাত্তা দিচ্ছে না রাশিয়া, কিউবায় যাচ্ছে আরেকটি জাহাজ

কিউবার উদ্দেশ্যে তেলবোঝাই দ্বিতীয় জাহাজ পাঠানোর প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। বৃহস্পতিবার (২ এপ্রিল) দেশটির জ্বালানি মন্ত্রী সের্গেই সিভিলিয়ভ ‘এনার্জোপ্রম-২০২৬’ ফোরামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘গতকাল সেন্ট পিটার্সবার্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। কিউবার প্রতিনিধিরা আমাদের কাছে এসেছিলেন। কিউবা সম্পূর্ণ অবরোধের মধ্যে রয়েছে—তারা বিচ্ছিন্ন হয়ে গেছে। তেলের চালান কোথা থেকে এল? একটি রুশ জাহাজ অবরোধ ভেঙে পৌঁছেছে। এখন দ্বিতীয় একটি জাহাজে তেল লোড করা হচ্ছে। আমরা কিউবাকে অসহায় অবস্থায় ছেড়ে দেব না।’

গত ৩০ মার্চ রাশিয়ার পরিবহন মন্ত্রণালয় জানায়, ‘আনাতোলি কোলদকিন’ নামের একটি তেলবাহী ট্যাঙ্কার ১ লাখ টন তেল নিয়ে মানবিক সহায়তা হিসেবে কিউবায় পৌঁছেছে।

৩ জানুয়ারি ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করতে যুক্তরাষ্ট্র-নেতৃত্বাধীন সামরিক অভিযানের পর হাভানায় জ্বালানি পরিস্থিতির অবনতি ঘটে। ভেনেজুয়েলা ছিল কিউবার অন্যতম প্রধান তেল সরবরাহকারী দেশ।

২৯ জানুয়ারি হোয়াইট হাউস একটি আদেশে স্বাক্ষর করে, যাতে কিউবাকে তেল সরবরাহকারী দেশগুলোর পণ্যের ওপর শুল্ক আরোপের সুযোগ রাখা হয়। তবে এর আগে জানানো হয়েছিল, মানবিক কারণে রাশিয়া ও অন্যান্য দেশের মাধ্যমে কিউবায় সীমিত আকারে তেল সরবরাহে যুক্তরাষ্ট্র আপত্তি জানায় না।

সূত্র: তাস

কেএম