ক্যাম্পাস

অর্থসংকটে থাকা ভর্তিচ্ছু ঢাবি শিক্ষার্থীর পাশে ছাত্রদল নেতা

অর্থাভাবে মাস্টার্সে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে পারছিলেন না ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক নারী শিক্ষার্থী। এমন পরিস্থিতিতে তার পাশে দাঁড়িয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন শাওন।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে ওই শিক্ষার্থীর হাতে ভর্তি ফি বাবদ প্রয়োজনীয় অর্থ তুলে দেন তিনি। জানা যায়, বোটানি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমাইয়া (ছদ্মনাম) আর্থিক সংকটের কারণে মাস্টার্সের ভর্তি ফি জোগাড় করতে পারছিলেন না। বিষয়টি জানতে পেরে সহায়তার উদ্যোগ নেন শাওন।

এ বিষয়ে নাছির উদ্দিন শাওন বলেন, একজন সাধারণ শিক্ষার্থীর কঠিন সময়ে পাশে দাঁড়ানো কোনো কৃতিত্ব নয়, বরং এটি আমার দায়িত্ব। তিনি বলেন, আর্থিক সংকটের কারণে কোনো শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ হয়ে যাক-এটি আমি মেনে নিতে পারি না।

ভবিষ্যতে সামর্থ্য অনুযায়ী আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য বৃত্তি ও সহায়তার সুযোগ বাড়াতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। পাশাপাশি পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়ে তোলার আশাবাদও ব্যক্ত করেন এই ছাত্রনেতা।

এফএআর/এএমএ