বিনোদন

শাকিব খান ও তার ভক্তদের গান উৎসর্গ করলেন এস আই টুটুল

ঢাকাই সিনেমার সুপারস্টার অভিনেতা শাকিব খানকে নিজের গাওয়া একটি গান উৎসর্গ করেছেন দেশের খ্যাতিমান সংগীতশিল্পী এস আই টুটুল। একই সঙ্গে এই গানটি তিনি উৎসর্গ করেছেন শাকিব ভক্তদের, যাদের ‘শাকিবিয়ান’ নামে ডাকা হয়।

সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে টুটুল জানান, তার গাওয়া সিনেমার সবচেয়ে বেশি হিট গানগুলোর একটি ছিল এই সুপারস্টারের ঠোঁটে। নতুন এই গানটিও কিছুটা ‘সিনেমাটিক’ আবহে তৈরি হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

স্ট্যাটাসে এস আই টুটুল লেখেন, তিনি এই গানটি উৎসর্গ করছেন তার খুবই প্রিয় হিরো শাকিব খান ও শাকিবিয়ানদের। পাশাপাশি ভক্তদের জন্য তিনি একটি উন্মুক্ত আহ্বানও জানিয়েছেন, যে কেউ চাইলে গানটির সঙ্গে ভিডিও তৈরি করে ফেসবুক, ইউটিউব বা টিকটকে ব্যবহার করতে পারবে, এতে তার কোনো আপত্তি নেই। বরং কে কত সুন্দরভাবে ভিডিও নির্মাণ করতে পারে, সেটিই এখন দেখার অপেক্ষা।

গানের সঙ্গে ‘স্পর্শহীন’ শিরোনামের একটি আবেগঘন অ্যালবাম মেসেজও শেয়ার করেছেন এই শিল্পী। সেখানে তিনি লিখেছেন, 'মাতাল সমীরণ দিগন্তে / কেবলই ছুঁয়ে দিয়েছে / কেবলই কোন একদিন / তারপর তেরো নদী / সাত সমুদ্রের ওপার / কতখানি দূরে / কোথায় সে? / ছুঁয়ে—কোন আসমানের তারা?....'

এই পোস্ট ঘিরে ইতোমধ্যেই ভক্তদের মাঝে ব্যাপক সাড়া পড়েছে। বিশেষ করে শাকিবিয়ানদের মধ্যে গানটি নিয়ে তৈরি হয়েছে আলাদা উচ্ছ্বাস।

এমআই/এলআইএ/জেআইএম