বলিউডের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রামায়ণ’ ঘিরে দর্শকদের আগ্রহ দিন দিন বাড়ছেই। নির্মাতা নীতেশ তিওয়ারি পরিচালিত এই সিনেমার প্রথম পর্ব চলতি বছরের দিওয়ালিতে মুক্তির কথা রয়েছে। এরই মধ্যে হনুমান জয়ন্তী উপলক্ষে প্রকাশিত হয়েছে সিনেমাটির টিজার, যেখানে প্রথমবারের মতো শ্রীরামের রূপে দেখা গেছে রণবীর কাপুরকে।
টিজার প্রকাশের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় সিনেমাটি নিয়ে চলছে ব্যাপক আলোচনা। বিশেষ করে রণবীর কাপুরের লুক দর্শকদের মধ্যে নতুন করে কৌতূহল তৈরি করেছে। যদিও এখনো সীতা ও রাবণের পূর্ণাঙ্গ লুক প্রকাশ করা হয়নি, তবুও এক ঝলক দেখেই ভক্তদের আগ্রহ বেড়েছে কয়েকগুণ।
সম্প্রতি টিজার প্রকাশ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সহ-অভিনেত্রী সাই পল্লবীকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন রণবীর কাপুর। তিনি বলেন, “আমরা সবাই জানি, সাই পল্লবী একজন অসাধারণ অভিনেত্রী। যেদিন প্রথম তাকে সীতা হিসেবে দেখি, তখনই মনে হয়েছিল-এই চরিত্রের জন্য তার চেয়ে উপযুক্ত কাউকে পাওয়া সম্ভব নয়।”
শুধু সাই পল্লবীই নয়, ছবিতে রাবণের চরিত্রে অভিনয় করা যশের প্রশংসাও করেন রণবীর। তার ভাষ্য, “যশ সেই তারকাখ্যাতি অর্জন করেছেন, যা তার প্রাপ্য। রাবণের মতো শক্তিশালী চরিত্রের জন্য এমন একজনকেই প্রয়োজন, যার মধ্যে আলাদা এক আভা রয়েছে এবং যিনি পর্দায় নজর কাড়তে পারেন।”
জানা গেছে, সিনেমাটির টিজার ভারতের আগে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে প্রদর্শন করা হয়। সেই আয়োজনে উপস্থিত ছিলেন রণবীর কাপুর নিজেও। সেখানে আন্তর্জাতিক গণমাধ্যমের সামনেও সহ-অভিনেতাদের প্রশংসা করেন তিনি।
এদিকে টিজারে রণবীর কাপুরের লুক প্রকাশ পেলেও এখনো প্রকাশ করা হয়নি সাই পল্লবী ও যশের পূর্ণাঙ্গ রূপ। বিশেষ করে রাবণের চরিত্রে যশের একটি ঝলক দেখানো হলেও তার মুখ গোপন রাখা হয়েছে। এতে করে ভক্তদের কৌতূহল আরও বেড়েছে।
জানা গেছে, ‘রামায়ণ’ সিনেমাটি দুই পর্বে মুক্তি দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। বিশাল বাজেটের এই প্রকল্পে ব্যয় ধরা হয়েছে প্রায় ৪ হাজার কোটি রুপি, যা ভারতীয় সিনেমার ইতিহাসে অন্যতম বড় বাজেটের কাজ হিসেবে বিবেচিত হচ্ছে।
আরও পড়ুন:‘ধুরন্ধর ২’ বন্ধ হওয়া উচিত ছিল! বিস্ফোরক মন্তব্য মিঠুন চক্রবর্তীর‘জাস্টিস ফর রাহুল’ মিছিল: শিল্পীদের ক্ষোভ, ফোরামের অনুপস্থিতি
এই সিনেমায় রণবীর কাপুর, সাই পল্লবী ও যশের পাশাপাশি আরও অভিনয় করেছেন সানি দেওল, অরুণ গোভিল, লারা দত্ত, রবি দুবে, কুনাল কাপুর, মোহিত রায়না ও রাকুলপ্রীত সিংসহ আরও অনেকে।
সব মিলিয়ে তারকাবহুল কাস্টিং, বিশাল বাজেট এবং শক্তিশালী গল্পের সমন্বয়ে ‘রামায়ণ’ যে মুক্তির আগেই আলোচনার শীর্ষে উঠে এসেছে, তা বলাই যায়। এখন দর্শকদের অপেক্ষা বড় পর্দায় পুরো সিনেমাটি দেখার।
এমএমএফ/এএসএম