দেশজুড়ে

মানিকছড়িতে পাহাড় কাটার মহোৎসব, অভিযানে মাটি কাটার গাড়ি জব্দ

খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলায় দিন দিন বেড়ে চলেছে পাহাড় খেকোদের আগ্রাসন। উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে প্রকাশ্যে চলছে পাহাড় কাটার ধ্বংসযজ্ঞ। অভিযোগ রয়েছে, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে পাহাড় কেটে সাবাড় করছে, যা পরিবেশের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে।

রোববার (৫ এপ্রিল) বিকেলে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) খাতিজা তাহিরা। এ সময় অভিযান চালিয়ে ২টি মাটি কাটার গাড়ি (স্ক্যাভেটর বা খননযন্ত্র) জব্দ করা হয়। তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে পাহাড় কাটার সঙ্গে জড়িতরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত এক বছরে অন্তত অর্ধশতাধিক পাহাড় কেটে ফেলেছে এই চক্র। মাঝে মাঝে প্রশাসনের অভিযান পরিচালিত হলেও কার্যত বন্ধ হচ্ছে না এই অবৈধ কর্মকাণ্ড।

এরই ধারাবাহিকতায় সম্প্রতি উপজেলার যোগ্যছোলা ইউনিয়নের খারিছড়া এলাকায় বিশাল এলাকাজুড়ে একাধিক পাহাড় কেটে ফেলা হচ্ছিল। অভিযুক্তদের মধ্যে মোহাম্মদ মনির হোসেনসহ আরও কয়েকজনের নাম উঠে এসেছে।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট খাতিজা তাহিরা বলেন, ঘটনাস্থলে একাধিক পাহাড় কাটার সুস্পষ্ট আলামত পাওয়া গেছে। দুটি স্ক্যাভেটর জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে পরিবেশ সংরক্ষণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

তিনি আরও বলেন, অবৈধভাবে পাহাড় কাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে এবং দোষীদের আইনের আওতায় আনা হবে।

প্রবীর সুমন/এনএইচআর/জেআইএম