দেশজুড়ে

ভৈরবে খেলার মাঠ দখলকে কেন্দ্র করে টর্চ জ্বেলে সংঘর্ষ, আহত ৩০

কিশোরগঞ্জের ভৈরবে খেলার মাঠ দখলকে কেন্দ্র করে দু’পক্ষের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের ৩০ জন আহত হয়েছেন। এছাড়া সংঘর্ষে ২০টির বেশি ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগ পাওয়া যায়।

রোববার (৫ এপ্রিল) রাতে পৌর শহরের ঘোড়াকান্দা বালুর মাঠ এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেলে ভৈরব শহরের ঘোড়াকান্দা এলাকার বালুর মাঠে স্থানীয় মোল্লাবাড়ি ও পলাশ সিনেমার মোড় এলাকার যুবকরা একপাশে ফুটবল খেলা ও অপর পাশে ক্রিকেট খেলছিল। হঠাৎ তাদের মধ্যে খেলার মাঠকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রথম দফায় প্রায় দুই ঘণ্টা চলে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ। প্রথম দফা সংঘাতের রেশ কাটতে না কাটতেই রাত ৮টায় আবারো দেশীয় অস্ত্র ও ইট-পাটকেল নিয়ে মাঠে নামে দুই পক্ষ। এসময় অন্ধকারে টর্চ লাইট জ্বালিয়ে চলে সংঘর্ষ। এসময় একটি মসজিদ ও বেশ কয়েকটি দোকানপাট ভাঙচুর করা হয়। পরে খবর পেয়ে ভৈরব থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান আকন্দ জানান, খেলার মাঠকে কেন্দ্র করে দুই পক্ষের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাজীবুল হাসান/এফএ/এএসএম