বিনোদন

রণবীর সিংয়ের কারণে ফিরিয়ে দেওয়া চরিত্রে শেষ পর্যন্ত অক্ষয় খান্না

২০২৫ সালে মুক্তি পাওয়া বহুল আলোচিত সিনেমা ‘ধুরন্ধর’ বক্স অফিসে একাধিক রেকর্ড গড়ে আলোচনার ঝড় তোলে। সিনেমাটিতে ‘রেহমান ডাকায়েত’ চরিত্রে অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়ান অক্ষয় খান্না। তবে সম্প্রতি জানা গেছে, এই চরিত্রটি প্রথমে একাধিক অভিনেতা ফিরিয়ে দিয়েছিলেন।

সিনেমাটির কাস্টিং পরিচালক মুখেশ ছাবড়া এক সাক্ষাৎকারে জানান, বলিউডের দুইজন এবং দক্ষিণের একজন অভিনেতা এই চরিত্রটি করতে রাজি হননি। তাদের যুক্তি ছিল, সিনেমাটি মূলত রণবীর সিংকে কেন্দ্র করেই নির্মিত।

নির্মাতা আদিত্য ধর অবশ্য এসব নেতিবাচক ভাবনা গুরুত্ব না দিয়ে এগিয়ে যান। পরে অক্ষয় খান্নার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি গল্প শুনেই আগ্রহ প্রকাশ করেন। পুরো স্ক্রিপ্ট শোনার পরই পরদিন তিনি জানিয়ে দেন, সিনেমাটি তিনি করছেন।

মুকেশ ছাবড়া জানান, অক্ষয় খান্না প্রায় চার ঘণ্টা বসে মনোযোগ দিয়ে গল্প শোনেন এবং শেষে স্ক্রিপ্টের প্রশংসা করেন। তার মতে, এই চরিত্রটি অক্ষয়ের ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করেছে।

সিনেমাটিতে আরও অভিনয় করেন আর মাধবন, সঞ্জয় দত্ত ও অর্জুন রামপাল। যদিও সিক্যুয়েল অক্ষয়ের উপস্থিতি সীমিত কেবল একটি ফ্ল্যাশব্যাক দৃশ্যে। বর্তমানে অক্ষয় খান্না তার পরবর্তী সিনেমা ‘ইক্কা’ নিয়ে ব্যস্ত রয়েছেন।

 

এলআইএ