দেশজুড়ে

আগুনে পুড়ে মরলো খামারির ৫ গরু

গাজীপুরের কালীগঞ্জের জাংগালিয়া ইউনিয়নের নরুন (সাতনপাড়া) গ্রামে অগ্নিকাণ্ডে একটি গরুর খামার ভস্মীভূত হয়েছে। এতে খামারে থাকা পাঁচটি গরু পুড়ে মারা গেছে। এ ঘটনায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীর।

সোমবার (৬ এপ্রিল) দিনগত রাত আড়াইটার দিকে ওই এলাকার মসজিদের ইমাম অহিদুল আলমের খামারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খামারের মালিক অহিদুল আলম জানান, প্রতিদিনের মতো সোমবার রাত ১১টার দিকে গরুগুলোকে খাবার দিয়ে তিনি বাড়িতে ঘুমাতে যান। রাত আনুমানিক আড়াইটার দিকে প্রতিবেশী শহিদুল্লাহ গরুর ডাক ও আগুনের শিখা দেখে চিৎকার শুরু করেন। পরে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে গোয়ালঘরে থাকা সাতটি গরুর মধ্যে পাঁচটি পুড়ে মারা যায়। বাকি গরুগুলোও দগ্ধ হয়েছে।

তিনি জানান, সীমিত সামর্থ্য ও প্রশিক্ষণ নিয়ে ছোট পরিসরে গরুর খামার শুরু করেছিলেন তিনি। ধীরে ধীরে কঠোর পরিশ্রম আর সংগ্রামের মধ্য দিয়ে সেই খামারে গরুর সংখ্যা দাঁড়ায় সাতটিতে। কিন্তু সোমবার গভীর রাতে এক অগ্নিকাণ্ডে মুহূর্তেই সবকিছু ভস্মীভূত হয়ে যায়।

স্থানীয় ইউপি সদস্য সোহেল জানান, খামারটিতে কোনো বিদ্যুৎ সংযোগ ছিল না। এমনকি গোয়ালে থাকা মশার কয়েলটিও অক্ষত পাওয়া গেছে। ফলে শর্ট সার্কিট বা কয়েল থেকে আগুন লাগার সম্ভাবনা নেই। গোয়ালের মাচায় রাখা শুকনো লাকড়ি থেকে আগুনের সূত্রপাত হওয়ায় ধারণা করা হচ্ছে এটি কোনো দুষ্কৃতকারীর কাজ।

ভুক্তভোগী অহিদুল আলম বলেন, ইমামতির পাশাপাশি ধার-দেনা করে এই খামার গড়ে তুলেছিলাম। এই খামারের আয়েই আমার সংসার চলত। আগুনে সব শেষ হয়ে গেছে। প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, লিখিত অভিযোগ পেলে ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আব্দুর রহমান আরমান/কেএইচকে/জেআইএম