চট্টগ্রামে ধাওয়া দিয়ে যাত্রীবাহী বাস আটক করে সেখান থেকে আট কেজি হেরোইন ও ১৪ হাজার ইয়াবা জব্দ করেছে পুলিশ।
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) গোয়েন্দা বিভাগ (পশ্চিম) সোমবার (৭ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে বিশেষ অভিযান চালিয়ে এসব মাদক জব্দ করে। সেই সঙ্গে এতে জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়।
পুলিশ জানায়, কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে আসা হানিফ পরিবহনের একটি বাসে মাদক বহনের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। তখন বাসটি থামানোর সংকেত দেওয়া হলেও চালক ও তার সহকর্মীরা পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ ধাওয়া দিয়ে বাসটি আটক করে।
এসময় অভিযুক্তদের দেওয়া তথ্য অনুযায়ী বাসের পেছনের অংশে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় আট কেজি হেরোইন এবং ১৪ হাজার ইয়াবা পাওয়া যায়। এগুলোর পাশাপাশি বাসটিও জব্দ করা হয়।
অভিযুক্তরা হলেন মো. আলী হোসাইন ওরফে আলী হোসেন (৪২), মো. আজিম (৪০) ও মুহাম্মদ রাশেল (৪৯)। পুলিশের প্রাথমিক অনুসন্ধান অনুযায়ী, তারা পেশাদার মাদক ব্যবসায়ী। আলী হোসাইনের বিরুদ্ধে রাজধানীর হাতিরঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলাসহ একাধিক মামলা রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন, এ মাদক কক্সবাজারের অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের কাছ থেকে সংগ্রহ করে ঢাকায় সরবরাহের জন্য বাসে লুকিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল।
এ ঘটনায় আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এমআরএএইচ/একিউএফ