যশোর জেলা যুবদলের শীর্ষ দুই নেতার নামে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার, কুৎসা রটনা, ব্ল্যাকমেইল এবং জীবননাশের হুমকির অভিযোগে জেলা যুবদলের সাবেক প্রচার সম্পাদক এস্কেন্দার আলী জনির বিরুদ্ধে কোতোয়ালি থানায় দুটি মামলা হয়েছে।
সাইবার সুরক্ষা আইনে সোমবার (৬ এপ্রিল) মামলা দুটি করেন জেলা যুবদলের আহ্বায়ক এ কে আজাদ তমাল আহমেদ এবং সদস্য সচিব আনছারুল হক রানা।
জনি যশোর সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মৃত সিরাজুল ইসলাম মানিকের ছেলে। বর্তমানে তিনি ঢাকায় বসবাস করছেন।
এজাহার সূত্রে জানা যায়, এস্কেন্দার আলী জনি একসময় যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। কিন্তু দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। এরপর থেকেই জনি ক্ষুব্ধ হয়ে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের দায়িত্বশীল নেতাদের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার শুরু করেন।
এতে আরও উল্লেখ করা হয়, অভিযুক্ত জনি ও তার সঙ্গে থাকা আরও ২-৩ জন সহযোগী মিলে নেতাদের ব্ল্যাকমেইলের চেষ্টা করছেন। তাদের সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে নিয়মিত অপপ্রচার চালাচ্ছেন। এমনকি আসামিরা তাদের জীবননাশের হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ করা হয়েছে।
যশোর জেলা যুবদলের আহ্বায়ক এ কে আজাদ তমাল আহমেদ বলেন, দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় এস্কেন্দার আলী জনিকে এর আগে দল থেকে বহিষ্কার করা হয়। দীর্ঘদিন ধরেই তিনি ফেসবুকে নানা বিতর্কিত ও মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার চালাচ্ছেন। এজন্য আইনের আশ্রয় নিয়েছি। এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, অভিযোগের তদন্ত শুরু হয়েছে। আসামিকে ধরতে পুলিশ মাঠে নেমেছে। মিলন রহমান/এসআর/এমএস