আন্তর্জাতিক

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ৭ এপ্রিল ২০২৬

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

বাহরাইনে মার্কিন নাগরিকদের নিরাপদ স্থানে থাকার নির্দেশ

মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে বাহরাইনে অবস্থানরত সকল মার্কিন নাগরিককে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঘরের ভেতরে অবস্থান করার নির্দেশ দিয়েছে স্টেট ডিপার্টমেন্ট।

ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহারের পরিকল্পনা অস্বীকার করলো হোয়াইট হাউজ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন ইরান যদি হরমুজ প্রণালি চালু না করে তাহলে পুরো সভ্যতাকে ধ্বংস করে দেওয়া হবে। তার এমন মন্তব্যের পর ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয়টি সামনে আসে।

ইরানে রেলপথ ও সেতুতে হামলার দাবি নেতানিয়াহুর

টেলিভিশনে দেওয়া এক ভাষণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, ইসরায়েলি বাহিনী ইরানের রেলপথ ও সেতুতে হামলা চালিয়েছে।

চাঁদ থেকে পৃথিবীর দিকে ফিরে আসছে আর্টেমিস-২

চাঁদ প্রদক্ষিণ শেষ করে পৃথিবীতে ফিরতে শুরু করেছে নাসার আর্টেমিস-২ মিশনের চার নভোচারী। এই অভিযানের মধ্য দিয়ে পৃথিবীর বাইরে এখন পর্যন্ত সবচেয়ে দূরবর্তী স্থানে মানুষের যাওয়ার নতুন রেকর্ড গড়লেন তারা।

ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি: আজ রাতে একটি সভ্যতার মৃত্যু হবে

হরমুজ প্রণালি খুলে দেওয়ার সময়সীমা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ইরানকে আবারও কঠোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি সতর্ক করে বলেছেন, আজ রাতে একটি সভ্যতার মৃত্যু হবে।

কূটনৈতিক সমাধানের সুযোগ দ্রুত বন্ধ হয়ে যাচ্ছে: কাতারের সতর্কতা

মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে কাতার সতর্ক করে বলেছে, কূটনৈতিক সমাধানের সুযোগ দ্রুত সংকুচিত হয়ে আসছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।

প্রতিশোধ আঞ্চলিক সীমানার বাইরেও বিস্তৃত হবে

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) একটি বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি ইরানের নাগরিক বা অবকাঠামোগত লক্ষ্যবস্তুতে হামলা চালায়, তবে তারা দ্বিধা ছাড়াই পাল্টা ব্যবস্থা নেবে।

সৌদি আরব ও বাহরাইনকে সংযুক্তকারী সেতু পুনরায় চালু

ইরানের বিমান হামলার কারণে বন্ধ হয়ে যাওয়া সৌদি আরব ও বাহরাইনকে সংযুক্তকারী একমাত্র সড়ক পথ, কিং ফাহাদ কজওয়ে সেতুটি পুনরায় চালু হয়েছে।

ইস্তাম্বুলে ইসরায়েলি কনস্যুলেটের বাইরে গোলাগুলি, নিহত ২

তুরস্কের বাণিজ্যিক রাজধানী ইস্তাম্বুলে অবস্থিত ইসরায়েলি নস্যুলেট ভবনের ঠিক বাইরে পুলিশ ও বন্দুকধারীদের মধ্যে এক ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। রয়টার্স ও স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দীর্ঘক্ষণ চলা এই বন্দুকযুদ্ধে অন্তত দুইজন হামলাকারী নিহত হয়েছে এবং একজন গুরুতর আহত হয়েছে।

সৌদি আরবে পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে ইরানের হামলা

ইরান সৌদি আরবের পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ শিল্পনগরী জুবাইলে একটি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে হামলা চালিয়েছে।

এমএসএম