আন্তর্জাতিক

বিশ্ববাজারে সোনার দাম বেড়ে ৩ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ

মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির খবরে বিশ্ববাজারে সোনার দাম বেড়ে প্রায় তিন সপ্তাহের মধ্যে সর্বোচ্চে পর্যায়ে পৌঁছেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই সপ্তাহের জন্য হামলা স্থগিত করার ঘোষণা দিয়েছেন, যা জ্বালানি-সংক্রান্ত মূল্যস্ফীতির আশঙ্কা কমিয়েছে।

বুধবার (৮ এপ্রিল) স্পট গোল্ডের দাম আউন্সপ্রতি ২ দশমকি ৩ শতাংশ বেড়ে ৪ হাজার ৮১২ দশমিক ৪৯ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে মার্কিন গোল্ডের দাম আউন্সপ্রতি ৩ দশমিক ৪ শতাংশ বেড়ে ৪ হাজার ৮৪১ দশমিক ৬০ ডলারে দাঁড়িয়েছে।

ট্রাম্প বলেন, ওয়াশিংটন দুই সপ্তাহের জন্য আক্রমণ স্থগিত করেছে এবং ইরান থেকে ১০ প্রস্তাব দেওয়া হয়েছে, যা তিনি বৈঠকের জন্য কার্যকর ভিত্তি হিসেবে দেখেছেন।

ইরানের সর্বোচ্চ নিরাপত্তা কাউন্সিল জানিয়েছে যে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা ১০ এপ্রিল ইসলামাবাদে শুরু হবে, তবে এটি যুদ্ধের সমাপ্তি নির্দেশ করে না।

এদিকে ৪০ দিনের যুদ্ধ শেষে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ঐতিহাসিক পরাজয় হয়েছে বলে দাবি করেছে ইরান। দেশটির সর্বোচ্চ নিরাপত্তা সংস্থা জানিয়েছে, যুক্তরাষ্ট্রকে ইরানের ১০ দফা প্রস্তাব মেনে নিতে বাধ্য করা হয়েছে।

ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিল এক বিবৃতিতে জানায়, শত্রুপক্ষ স্পষ্টভাবে পরাজিত হয়েছে এবং এখন তাদের সামনে ইরানের ইচ্ছা মেনে নেওয়া ছাড়া কোনো পথ নেই।

বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র ইরানের যে ১০ দফা প্রস্তাব মেনে নিয়েছে, তার মধ্যে রয়েছে—ইরানের বিরুদ্ধে আর কোনো আগ্রাসন না চালানো, হরমুজ প্রণালিতে ইরানের নিয়ন্ত্রণ বজায় রাখা, পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচি মেনে নেওয়া, সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সব প্রস্তাব বাতিল, ইরানকে ক্ষতিপূরণ প্রদান, অঞ্চল থেকে মার্কিন সেনা প্রত্যাহার,লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করা।

বিবৃতিতে আরও বলা হয়, গত ৪০ দিন ছিল ইতিহাসের অন্যতম কঠিন সম্মিলিত যুদ্ধ, যেখানে ইরান ও তার মিত্ররা শত্রুপক্ষের ওপর বড় ধরনের আঘাত হেনেছে।

সূত্র: রয়টার্স

এমএসএম