রাজধানীর সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনালের আশেপাশে অবৈধভাবে গড়ে ওঠা বাস কাউন্টার উচ্ছেদে দ্বিতীয় দিনের মতো অভিযান পরিচালনা শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা ১১টা থেকে ডিএসসিসি নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলামের নেতৃত্বে এ অভিযান শুরু হয়। ডিএসসিসির সংশ্লিষ্টরা জানান, সায়েদাবাদ টার্মিনালের আশপাশে ২৪০ অবৈধ বাস কাউন্টার রয়েছে। এগুলোর কারণে সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনাল এলাকার সড়কে শৃঙ্খলা ও যানজট সৃষ্টি হয়। তাই অভিযানে টিটিপাড়া মোড় থেকে ধোলাইপাড় পর্যন্ত বিস্তৃত এলাকার অনুমোদনহীন ও অবৈধ বাস কাউন্টারগুলো উচ্ছেদ করা হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, দুপুর ১২টায় সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিবালের পূর্ব পাশে হুজুরের বাড়ি এলাকা থেকে অবৈধ বাস কাউন্টার অপসারণে অভিযান শুরু করে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত। অভিযানে নেতৃত্ব দিচ্ছেন ডিএসসিসি নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম। খোঁজ নিয়ে জানা যায়, অভিযানের আগাম খবর পেয়ে অধিকাংশ কাউন্টার আগে থেকেই বন্ধ করে সটকে যান কাউন্টারের লোকজন। এর মধ্যে যেসব কাউন্টারের সামনে সাইনবোর্ড আছে, সেগুলো গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। আবার বেশ কিছু কাউন্টার সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দুপুর ১টা পর্যন্ত সায়েদাবাদ জনপদের মোড়ে অভিযান চলছে। অভিযান ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর অর্ধশতাধিক সদস্য নিয়োজিত রয়েছেন। গত ১০ মার্চ ডিএসসিসির উদ্যোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকা সড়ক পরিবহন বাস মালিক সমিতি, সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনাল পরিবহন মালিক সমিতি এবং পরিবহন শ্রমিক কমিটির সঙ্গে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী, গতকাল বুধবার (৮ এপ্রিল) থেকে এই উচ্ছেদ কার্যক্রম শুরু হয়। প্রাথমিক জরিপে টিটিপাড়া মোড় থেকে ধোলাইপাড় পর্যন্ত সায়েদাবাদ কাউন্টারকেন্দ্রিক মোট ২৪০টি অবৈধ কাউন্টার চিহ্নিত করা হয়েছে। ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা রাসেল রহমান বলেন, দীর্ঘদিন ধরে সায়েদাবাদ এলাকায় অবৈধ বাস কাউন্টার স্থাপনের ফলে তীব্র যানজট ও যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। জনস্বার্থে এবং নগর ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এই কঠোর অবস্থান নিয়েছে। অবৈধ কাউন্টারগুলো সম্পূর্ণ নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। এমএমএ/এমকেআর