দেশজুড়ে

মাদক কেনার টাকা না পেয়ে বাবাকে পিটিয়ে হত্যা

বগুড়ার গাবতলীতে মাদক কেনার টাকা না পেয়ে বাবার মাথায় লাঠি দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে।

বুধবার (৮ এপ্রিল) দিনগত রাত আড়াইটার দিকে উপজেলার বালিয়াদীঘি ইউনিয়নের উত্তর কোলাকোপা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম নজরুল ইসলাম লজু (৫০)। তিনি ওই গ্রামের মোজাহার আলীর ছেলে এবং পেশায় সবজি বিক্রেতা ছিলেন। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে শিপন মিয়া (২২) পলাতক রয়েছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শিপন মিয়া মাদকাসক্ত ছিলেন। মাদকের টাকার জন্য তিনি প্রায়ই বাবা-মায়ের সঙ্গে ঝগড়া করতেন এবং মাঝেমধ্যে বাড়ির জিনিসপত্র বিক্রি করে দিতেন। এসব নিয়ে বুধবার রাতে বাবা নজরুল ইসলামের সঙ্গে শিপনের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে রাত আড়াইটার দিকে শিপন লাঠি দিয়ে তার বাবার মাথায় সজোরে আঘাত করেন। এতে নজরুল ইসলাম গুরুতর আহত হন। চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন, কিন্তু পথেই তার মৃত্যু হয়।

গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিব হাসান বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, ঘটনার পর থেকে অভিযুক্ত শিপন পলাতক। তাকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

এল.বি/কেএইচকে/জেআইএম