খেলাধুলা

‘লিভারপুল ছেড়ে বায়ার্ন মিউনিখে গিয়ে ভুল করিনি’

ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব লিভারপুল ছেড়ে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখে যোগ দিয়ে ভুল করেননি বলে মন্তব্য করলেন কলম্বিয়ান তারকা লুইজ দিয়াজ। তার মতে, বায়ার্নে যোগ দেওয়ার সিদ্ধান্ত ছিল ‘সঠিক’। গত গ্রীষ্মে লিভারপুল ছেড়ে বায়ার্নে যোগ দেওয়া দিয়াজ এখন দুর্দান্ত ফর্মে রয়েছেন এবং চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে গোল করলেন তিনি। স্প্যানিশ জায়ান্টদের লুইজ দিয়াজরা হারিয়েছে ২-১ গোলে।

৭৫ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে জুলাইয়ে অ্যালিয়াঞ্জ অ্যারেনায় পাড়ি জমানো দিয়াজ ইতোমধ্যেই ৪০ ম্যাচে করেছেন ২৩ গোল এবং ১৮টি অ্যাসিস্ট- যা তার অসাধারণ পারফরম্যান্সেরই প্রমাণ। ইউরোপের অন্যতম সেরা ক্লাবে এসে দ্রুতই নিজেকে মানিয়ে নিয়েছেন এই কলম্বিয়ান ফরোয়ার্ড।

সম্প্রতি রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ২-১ ব্যবধানে জয় পায় বায়ার্ন, যেখানে দলের প্রথম গোলটি করেন দিয়াজ। ম্যাচ শেষে তিনি বলেন, ‘বায়ার্নে যোগ দেওয়ার সিদ্ধান্তটা একদম সঠিক ছিল। আমি খুবই সুখী এবং প্রতিটি ম্যাচ উপভোগ করছি। আমি নিজেকে ভালো অবস্থায় অনুভব করছি এবং দলের জন্য অবদান রাখতে প্রস্তুত।’

এই মৌসুমে বায়ার্নের দারুণ পারফরম্যান্সের পেছনে দলের ঐক্য ও বোঝাপড়াকেই মূল কারণ হিসেবে দেখছেন দিয়াজ। তার ভাষায়, ‘আমাদের একটি পরিষ্কার পরিকল্পনা আছে। আমরা খুবই ঘনিষ্ঠ একটি দল এবং সেটার প্রতিফলন মাঠে দেখা যায়।’

বুন্দেসলিগায় শীর্ষে থাকা বায়ার্ন বর্তমানে বরুশিয়ারের থেকে ৯ পয়েন্ট এগিয়ে রয়েছে, হাতে আছে আরও ৬টি ম্যাচ। পাশাপাশি জার্মান কাপেও টিকে আছে তারা, যেখানে সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ বায়ার লেভারকুসেন।

এর আগে অবশ্য চ্যাম্পিয়ন্স লিগে আবারও রিয়াল মাদ্রিদের বিপক্ষে ফিরতি লেগে মাঠে নামতে হবে বায়ার্নকে। প্রথম লেগে জয় পেলেও ব্যবধান আরও বড় হতে পারত বলে মনে করছেন দিয়াজ। বার্নাব্যুতে ম্যাচে বায়ার্ন লক্ষ্যে রেখেছিল ৯টি শট এবং নিজেদের পরিকল্পনা মেনে খেলেছে পুরো সময়।

দিয়াজ বলেন, ‘আমরা আগেই রিয়াল মাদ্রিদকে বিশ্লেষণ করেছিলাম এবং প্রথম গোলের মুভটি ঠিক পরিকল্পনা অনুযায়ী হয়েছে। ম্যাচ যত এগিয়েছে, আমরা আরও স্বচ্ছন্দ বোধ করেছি, বেশি বল দখল করেছি এবং খেলা নিয়ন্ত্রণ করেছি- এটাই আমাদের খেলার ধরন।’

তবে জয় পেলেও কিছুটা আফসোস রয়েছে তার কণ্ঠে। ‘আমরা খুবই খুশি, কিন্তু একই সঙ্গে একটু হতাশাও আছে। আমরা আরও এক-দুটি গোল করতে পারতাম। খুব কঠিন প্রতিপক্ষের বিপক্ষে আমরা দারুণ একটি ম্যাচ খেলেছি,’- যোগ করেন তিনি।

বায়ার্নে যোগ দিয়ে নিজের ক্যারিয়ারের নতুন অধ্যায়ে দারুণভাবে উজ্জ্বল হয়ে উঠেছেন লুইস দিয়াজ। সামনে লিগ, কাপ এবং চ্যাম্পিয়ন্স লিগ- তিন প্রতিযোগিতাতেই শিরোপার লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার লক্ষ্য তার।

আইএইচএস/