আন্তর্জাতিক

যুদ্ধবিরতির মধ্যে কয়েকটি জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করেছে

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার পরও গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে খুব সীমিত সংখ্যক জাহাজ চলাচল করছে।

জাহাজ ট্র্যাকিং সংস্থা ম্যারিন ট্রাফিক জানিয়েছে, বুধবার (৮ এপ্রিল) একটি গ্রিক পতাকাবাহী জাহাজ এবং একটি লাইবেরিয়া পতাকাবাহী জাহাজ প্রণালি অতিক্রম করেছে।

অন্যদিকে শিপিং বিশ্লেষক প্রতিষ্ঠান লয়েডস লিস্ট জানিয়েছে, মোট তিনটি জাহাজ প্রণালি অতিক্রম করেছে, যেগুলোর সবগুলোরই ইরানের সঙ্গে বর্তমান বা আগের সংযোগ রয়েছে। এছাড়া আরও তিনটি জাহাজ পার হওয়ার প্রস্তুতি নিচ্ছিল বা ইরান অনুমোদিত বিকল্প পথে এগোচ্ছিল।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় অন্তত ছয়টি জাহাজ প্রণালি অতিক্রম করেছে।

তবে আইআরজিসি দাবি করেছে, লেবাননে হামলার পর জাহাজ চলাচল আবারও বন্ধ হয়ে গেছে, যা তারা যুদ্ধবিরতি লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে।

এদিকে সংযুক্ত আরব আমিরাতের শিল্প ও উন্নত প্রযুক্তিমন্ত্রী ইরানকে প্রণালিটি পূর্ণ, নিঃশর্ত এবং বাধাহীনভাবে খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন।

তিনি সতর্ক করে বলেন, জ্বালানি নিরাপত্তা এবং বৈশ্বিক অর্থনৈতিক স্থিতিশীলতা এর ওপর নির্ভর করছে।

সূত্র: সিএনএন

এমএসএম