দেশজুড়ে

ভোজ্যতেল উৎপাদন ও মজুত, দেড় লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভোজ্যতেল অবৈধ ব্র্যান্ডিং ও মজুত করায় শিমু কনজ্যুমার প্রডাক্টস ও দেওয়ান এন্টারপ্রাইজ নামে দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকালে রূপগঞ্জের রূপসী এলাকায় উপজেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথ অভিযানে এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, ওই প্রতিষ্ঠানের গুদামে অভিযান চালানো হয়। সরকারি অনুমোদন ও বিএসটিআই লাইসেন্স ও অনুমোদন ছাড়াই ওই দুটি প্রতিষ্ঠান অবৈধভাবে তীর, পহেলা, বৈশাখী ও সেরা নামে ব্র্যান্ডিং করে বোতলজাত করছিল। অবৈধ মজুত ও উৎপাদনের ব্যাপারে জিজ্ঞাসা করা হলে সংশ্লিষ্টরা বৈধতার কাগজপত্র দেখাতে পারেনি। এ সময় শিমু কনজ্যুমার প্রডাক্টসকে এক লাখ ও দেওয়ান এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মারজানুর রহমান বলেন, জনস্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিতে এবং খাদ্যে ভেজাল রোধে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানকালে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ র‌্যাব-১১-এর সিনিয়র সহকারী পরিচালক শামসুর রহমান, জেলা ভোক্তা অধিদপ্তরে সহকারী পরিচালক হৃদয় রঞ্জন মল্লিকসহ অন্যান্য কর্মকর্তারা।

নাজমুল হুদা/এএইচ/জেআইএম