অবশেষে ঢাকা প্রিমিয়ার লিগ আয়োজন নিয়ে তৈরি হওয়া জট খুলেছে। বৃহস্পতিবার প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর সঙ্গে মিটিংয়ে বসে বিসিবি।
১২ ক্লাবের মধ্যে ১০টি ক্লাব হাজির হয় মিটিংয়ে। তবে লিজেন্ডস অব রূপগঞ্জ ও ব্রাদার্স ইউনিয়নের প্রতিনিধি অনুপস্থিত ছিলেন। যেখানে প্রিমিয়ার লিগের পর্দা ওঠার জন্য আগামী মাসের প্রথম সপ্তাহকে সম্ভাব্য সময় ধরা হয়েছে। আর চলতি মাসের ২২ থেকে ২৫ তারিখ হতে পারে দলবদল।
মিটিং শেষে সংবাদ সম্মেলনে আসেন আবাহনী ক্লাবের কোচ হান্নান সরকার, বাংলাদেশ বয়েজ ও আম্বার ক্লাবের প্রতিনিধি জিয়াউর রহমান তপু ও ধানমন্ডি ক্রিকেট ক্লাবের প্রতিনিধি এহসানুর রহমান রনি।
সেখানে জানানো হয় এবারের আসরে থাকছে না সুপার লিগ। সিঙ্গেল লিগ শেষে পয়েন্ট তালিকার শীর্ষ দল শিরোপা জিতবে। এ প্রসঙ্গে বাংলাদেশ বয়েজের প্রতিনিধি জিয়াউর রহমান তপু বলেন, ‘এবার সবচাইতে বড় জিনিস এই বছরের লিগটা সিঙ্গেল ফরম্যাটে হচ্ছে। সিঙ্গেল লিগেই এবার প্রিমিয়ার লিগটা শেষ হবে, এতে সবগুলি ক্লাব একমত হয়েছে।’
একইসঙ্গে একই দিনে ৬ মাঠে খেলা রাখার প্রস্তাব দেওয়া হয়েছে ক্লাবগুলোর পক্ষ থেকে। এটা নিশ্চিত করে জিয়াউর রহমান তপু বলেন, ‘একটি প্রস্তাবনা ছিল আমাদের ক্লাবগুলোর পক্ষ থেকে হান্নান ভাই নিজে করেছেন সেটি হচ্ছে যে আমরা এ বছর চেয়েছি যে যাতে একসাথে ছয়টি মাঠে খেলা হয়। এতে করে আমাদের প্রথম দিন তিনটা ম্যাচ পরের দিন তিনটা ম্যাচ না হয়ে যাতে ছয়টা মাঠেই খেলা হবে আর পরের দিন যাতে রিজার্ভ ডে থাকে।’
সিসিডিএম ২৫ তারিখ শুরু করতে চাইলেও ক্লাবগুলো অনুরোধ করেছে আগামী মাসের প্রথম সপ্তাহে শুরু করতে। তপু বলেন, ‘ওনারা বলছিলেন ২৫ তারিখ খেলা শুরু করতে চায় কিন্তু আমাদের একটা প্রস্তাবনা আমরা দিয়েছি যে খেলাটা যদি মে মাসের ৫ তারিখ থেকে শুরু হয় আমাদের সকলের জন্য ভালো হয়। কারণ ২ তারিখের পরে সাদা বলের সব ক্রিকেটাররা এভেলেবেল হবে। একই সঙ্গে বিসিএলের দুইটা রাউন্ডও অনুষ্ঠিত হয়ে যাবে।’
এসকেডি/আইএইচএস/