শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের নির্বাচনে ১২৮টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে বেসরকারিভাবে বিপুল ভোটে জয়ী হয়েছেন ধানের শীষের প্রার্থী মাহমুদুল হক রুবেল।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত ৯টায় জেলা রিটানিং অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ১২৮টি কেন্দ্রে ধানের শীষ প্রতীকে মাহমুদুল হক রুবেল পেয়েছেন ১ লাখ ৬৬ হাজার ১১৭ ভোট। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাসুদুর রহমান মাসুদ দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৪৭ হাজার ৫১ ভোট। এছাড়া কাঁচি প্রতীকে বাসদের মিজানুর রহমান পেয়েছেন ৪৮০ ভোট।
তিনি আরও বলেন, মোট ভোট পড়েছে ৫২ দশমিক ১৯ শতাংশ।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, দুই উপজেলার ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত শেরপুর-৩ আসন। এই আসনে মোট ১২৮টি ভোটকেন্দ্রে ৭৫১টি ভোটকক্ষে ৪ লাখ ১৩ হাজার ৩৭৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ১৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১৮ জন নির্বাচন পর্যবেক্ষক, ২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং ৩ জন যুগ্ম জেলা জজ দায়িত্ব পালন করছেন।
এছাড়া নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর ৮টি মোবাইল টিম, ১৬ প্লাটুন বিজিবি, র্যাবের ১৪টি টিম এবং পুলিশের প্রায় ১ হাজার ১৫০ সদস্য মাঠে নিয়োজিত রয়েছেন।
মো. নাঈম ইসলাম/কেএইচকে/জেআইএম