জাতীয়

শাহ আমানতে আরও ৬টি ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহার এয়ারফিল্ড বন্ধ থাকায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দু’দিনে আরও ৬টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত ৮টা ৫৪ মিনিটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম খলিল বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন।

বিমানবন্দর সূত্র জানায়, বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দোহা থেকে আগত একটি ফ্লাইট এবং মাস্কাটগামী একটি ফ্লাইট।

এছাড়া এয়ার আরাবিয়ার শারজাহ থেকে আগত একটি ফ্লাইট ও একটি ডিপার্চার ফ্লাইট এবং সালাম এয়ারের মাস্কাট থেকে আগত একটি ফ্লাইট ও একটি ডিপার্চার ফ্লাইট বাতিল করা হয়েছে।

তবে কিছু ফ্লাইট স্বাভাবিক রয়েছে। বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত ৪টি ফ্লাইট এবং ৫টি ডিপার্চার ফ্লাইট আজ চালু ছিল।

ইব্রাহীম খলিল জানান, ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে এ পর্যন্ত মোট ২৮৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট সূচিতে এ ধরনের পরিবর্তন অব্যাহত থাকতে পারে।

এমআরএএইচ/এমআইএইচএস