ন্যাটোর মহাসচিব মার্ক রুটে জোটভুক্ত কয়েকটি দেশের কর্তৃপক্ষকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী কয়েক দিনের মধ্যেই হরমুজ প্রণালি নিরাপদ রাখতে সহায়তার জন্য দৃশ্যমান ও নির্দিষ্ট প্রতিশ্রুতি চান। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রয়টার্সকে এ কথা জানান দুইজন ইউরোপীয় কূটনীতিক।
ইরানের সঙ্গে যুদ্ধ ঘিরে ন্যাটোর ভেতরে উত্তেজনা তৈরি হওয়ার প্রেক্ষাপটে বুধবার ওয়াশিংটনে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন মার্ক রুটে।
কূটনীতিকদের একজন রয়টার্সকে বলেন, ওয়াশিংটনে যে অসন্তোষ ও হতাশা রয়েছে, তা আমরা বুঝি। তবে এই যুদ্ধ শুরুর আগে কিংবা পরে—কোনো সময়েই যুক্তরাষ্ট্র তার মিত্রদের সঙ্গে পরামর্শ করেনি।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার পরও গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে খুব সীমিত সংখ্যক জাহাজ চলাচল করছে।
জাহাজ ট্র্যাকিং সংস্থা ম্যারিন ট্রাফিক জানিয়েছে, বুধবার (৮ এপ্রিল) একটি গ্রিক পতাকাবাহী জাহাজ এবং একটি লাইবেরিয়া পতাকাবাহী জাহাজ প্রণালি অতিক্রম করেছে।
অন্যদিকে শিপিং বিশ্লেষক প্রতিষ্ঠান লয়েডস লিস্ট জানিয়েছে, মোট তিনটি জাহাজ প্রণালি অতিক্রম করেছে, যেগুলোর সবগুলোরই ইরানের সঙ্গে বর্তমান বা আগের সংযোগ রয়েছে। এছাড়া আরও তিনটি জাহাজ পার হওয়ার প্রস্তুতি নিচ্ছিল বা ইরান অনুমোদিত বিকল্প পথে এগোচ্ছিল।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় অন্তত ছয়টি জাহাজ প্রণালি অতিক্রম করেছে।
সূত্র: বিবিসি
এমএসএম