খেলাধুলা

৪ ওভারে ৭ রান দিয়ে ৩ উইকেট নিলেন নাহিদ রানা

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অবশেষে আগুন ঝরালেন বাংলাদেশের পেসার নাহিদ রানা। করাচি ন্যাশনাল স্টেডিয়ামে স্বাগতিক করাচির বিপক্ষে ৪ ওভারে মাত্র ৭ রান দিয়ে ৩ উইকেট নেন এই তরুণ পেসার। সঙ্গে নিলেন একটি মেডেনও।

নাহিদ রানা বিধ্বংসী বোলিংয়ে পেশোয়ার জালমির সামনে ১৬.১ ওভারে মাত্র ৮৭ রানে অলআউট হয়ে গেলো করাচি কিংস। পেশোয়ার জালমি জয়লাভ করলো ১৫৯ রানের বিশাল ব্যবধানে। সে সঙ্গে ৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের ২য় স্থানে উঠলো নাহিদ রানা ও শরিফুল ইসলামের দল। শরিফুল নিয়েছেন ১ উইকেট।

আগের ম্যাচে হায়দরাবাদ কিংসমেনদের ৪ উইকেটে হারালেও পেশোয়ার জালমির বাংলাদেশি দুই বোলার শরিফুল এবং নাহিদ রানা ছিলেন নিষ্প্রভ। কোনো উইকেট পাননি তারা ওই ম্যাচে। পরদিনই আজ, করাচি কিংসের সামনে রীতিমত আগুন ঝরালেন তারা।

২৪৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে নাহিদ রানাদের বোলিং তোপে ৮৭ রানেই অলআউট হয় করাচি। ইফতিখার আহমেদ ২.১ ওভারে ৯ রান দিয়ে নেন ৩ উইকেট এবং সুফিয়ান মুকিম ৪ ওভারে ১৮ রান দিয়ে নেন ৩ উইকেট। বাকিটি নেন শরিফুল ইসলাম।

এর আগে টস হেরে ব্যাট করতে নামে পেশোয়ার জালমি। কিন্তু শুরুতেই মোহাম্মদ হারিসের উইকেট হারিয়ে বিপদে পড়লেও বাবর আজম এবং কুশল মেন্ডিস মিলে গড়ে তোলেন ১৯১ রানের বিশাল জুটি। ৫২ বলে ১০৯ রানের বিশাল ইনিংস খেলে আউট হন মেন্ডিস। ১৪টি বাউন্ডারির সঙ্গে তিনি মারেন ৪টি ছক্কা। বাবর আজম ৫১ বলে ৮৭ রানে অপরাজিত থাকেন। ১০টি বাউন্ডারির সঙ্গে তিনি মারেন ২টি ছক্কা।

শেষ মুহূর্তে ১২ বলে ৪ ছক্কা ও ৩ বাউন্ডারিতে ৪০ রানে অপরাজিত থাকেন আবদুল সামাদ। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৪৬ রান সংগ্রহ করে পেশোয়ার জালমি।

আইএইচএস/এমআরএম