জাতীয়

সোনারগাঁও হোটেলে চলছে তিন দিনব্যাপী ঢাকা ট্রাভেল মার্ট

রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বলরুমে চলছে ঢাকা ট্রাভেল মার্ট ২০২৬। তিন দিনব্যাপী এ আন্তর্জাতিক পর্যটন মেলার আয়োজন করেছে পাক্ষিক পর্যটন বিচিত্রা ‘দ্য বাংলাদেশ মনিটর’। মেলার সহযোগিতায় রয়েছে এয়ার অ্যাস্ট্রা ও ইউএস-বাংলা এয়ারলাইন্স।

গতকাল বৃহস্পতিবার (৯ এপ্রিল) ছিল মেলার উদ্বোধনী দিন। ভ্রমণ, বিমান চলাচল ও আতিথেয়তা খাতের বিভিন্ন সেবা তুলে ধরতে নেপাল, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সৌদি আরব, তুরস্ক, ভিয়েতনাম, চীন ও আয়োজক দেশ বাংলাদেশ থেকে ৫০টিরও বেশি সংস্থা অংশ নিয়েছে।

মেলায় ১০টি প্যাভিলিয়ন ও ৮০টিরও বেশি বুথে প্রতিষ্ঠানগুলো তাদের পণ্য ও সেবা প্রদর্শন করছে।

অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের বিমান টিকিটে বিশেষ ছাড়, ট্যুর প্যাকেজ, হোটেল ও রিসোর্ট বুকিং এবং মেডিকেল ট্যুরিজমসহ বিভিন্ন সেবার ওপর আকর্ষণীয় অফার দিয়েছে।

আগামী ১১ এপ্রিল পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

এমএমএ/এমকেআর