হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এই হাসপাতালে মোট ১০ শিশুর মৃত্যু হলো। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২০ শিশু ভর্তি হয়েছে। এ নিয়ে সেখানে চিকিৎসাধীন মোট ৭২ শিশু।
শুক্রবার (১০ এপ্রিল) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম মেডিকেল দলের ফোকালপারসন সহযোগী অধ্যাপক ডা. মোহা. গোলাম মাওলা এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ২ এপ্রিল ময়মনসিংহ সদর থেকে নিয়ে আসা ৩ বছরের ছেলে শিশুটির শরীরে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া শিশুটি সেরিব্রাল পালসি (মস্তিষ্কজনিত নড়াচড়ার সমস্যা), মৃগী রোগসহ গ্লোবাল ডেভেলপমেন্টাল ডিলে (শিশুর সার্বিক বিকাশে বিলম্ব) সমস্যায় ভুগছিল। তাকে যথাযথ চিকিৎসাসেবা দেওয়া হচ্ছিল। এরইমধ্যে গতকাল সকাল সাড়ে ১০টার দিকে মারা যায় শিশু।
তিনি আরও বলেন, গত ১৭ মার্চ থেকে ১০ এপ্রিল সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৩৪৪ শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ২৬২ শিশু এবং ১০ শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে আরও ২৩ শিশু। বর্তমানে চিকিৎসাধীন ৭২ শিশু।
হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, হাসপাতালের নতুন ভবনের ৮ তলায় ৬৪ শয্যার আলাদা আইসোলেশন ওয়ার্ডে হামের লক্ষণ নিয়ে আসা শিশুদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে রোগীদের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। এক্ষেত্রে এক শিশুর মাধ্যমে আরেক শিশুর শরীরে যেনো হাম ছড়িয়ে না যায়, সেজন্য অবিভাবকদেরও সচেতন থাকতে হবে।
তিনটি মেডিকেল টিম গঠন করে হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। চিকিৎসক ও নার্সরা আন্তরিকতার সঙ্গে চিকিৎসাসেবা দিচ্ছেন।
কামরুজ্জামান মিন্টু/এনএইচআর/জেআইএম