দেশজুড়ে

ভোলা প্রেস ক্লাবের সভাপতি অনু, সম্পাদক লিটন

ভোলা প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে নির্বাচনে সভাপতি পদে নজরুল হক অনু এবং সাধারণ সম্পাদক পদে নাছির উদ্দিন লিটন নির্বাচিত হয়েছেন।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে ভোট গণনা শেষে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা পরিষদের চেয়ারম্যান প্রফেসর মো. জামাল হোসেন।

এর আগে, শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ক্লাবের নিজস্ব মিলনায়তনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

ঘোষিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে নজরুল হক অনু ২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি পদে মো. সোলেমান ১৯ ভোট পেয়ে জয়ী হন। সাধারণ সম্পাদক পদে নাছির উদ্দিন লিটন ২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

অন্যান্য পদে বিজয়ীরা হলেন- যুগ্ম সম্পাদক মো. কামরুল ইসলাম, কোষাধ্যক্ষ মো. নুরে আলম ফয়েজউল্লাহ, দপ্তর সম্পাদক ছোটন সাহা। এছাড়া নির্বাহী সদস্য পদে মোতাছিন বিল্লাহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তবে প্রার্থী না থাকায় ক্রীড়া সম্পাদক, পাঠাগার সম্পাদক, সাংস্কৃতিক সম্পাদক ও নির্বাহী সদস্যের একটি পদ বর্তমানে শূন্য রয়েছে।

জানা যায়, প্রেস ক্লাবের মোট ৪৬ জন সদস্যের মধ্যে সাতটি পদের বিপরীতে ১৮ জন প্রার্থী এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে সভাপতি পদে ৩ জন, সহ-সভাপতি পদে ৩ জন এবং সাধারণ সম্পাদক পদে ৬ জন প্রার্থী লড়াই করেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, অত্যন্ত স্বচ্ছ ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই নির্বাচন সম্পন্ন হয়েছে। নতুন কমিটি আগামী ২ বছর ভোলা প্রেস ক্লাবের দায়িত্ব পালন করবেন।

জুয়েল সাহা বিকাশ/কেএইচকে/এমএস