দেশজুড়ে

বিএনপি অনেক চ্যালেঞ্জ মোকাবেলার পর ক্ষমতায় এসেছে

পানি সম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, অনেক চ্যালেঞ্জ মোকাবেলার পর ক্ষমতায় এসেছে বর্তমান বিএনপি সরকার। এর আগে আমাদের অনেক নেতা গুমের শিকার হয়েছেন, শহীদ হয়েছেন, নির্যাতিত হয়েছেন। তবে সর্বশেষ ২০২৪ সালে জুলাইয়ের আন্দোলনে আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করে সফল হয়েছিলাম।

শনিবার (১১ এপ্রিল) বেলা সাড়ে তিনটায় চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়নের কাশিপুর-ডামোশ গ্রাম দিয়ে বয়ে যাওয়া ইছেরদাড়ি খাল পুনঃখাল খনন উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথম ১৯৭৭ সালে বাংলাদেশে খাল খনন শুরু করেছিলেন। পরবর্তীতে ১৯৭৭-৮০ সাল পর্যন্ত এই কর্মসূচিকে তিনি জনপ্রিয়তার শীর্ষে নিয়ে গিয়েছিলেন। তিনি খাল খননে সবাইকে উদ্বুদ্ধ করেছেন। সব পেশার মানুষ মিলে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলো। সেই ধারা অব্যাহত রেখেছেন তার সন্তান বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি আরও বলেন, অবকাঠামো ও গ্রামীণ উন্নয়নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে নিজেকে নিয়োজিত রেখেছিলেন, তার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার জন্য প্রধানমন্ত্রী ৩১ দফা প্রণয়ন করেছেন। যে ৩১ দফার মধ্যে তারেক রহমান দেশের মানুষের কথা সাধারণ মানুষের কথা তুলে ধরেছেন। এইজন্যে ৩১ দফায় তারেক রহমান বলেছেন সবার আগে বাংলাদেশ।

আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএন) পান্না আক্তার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল।

এসময় আরও বক্তব্য দেন ফরিদপুর পশ্চিম অঞ্চলের পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী শাহজাহান সিরাজ, পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফ আহমেদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ, উক্ত কাজের ঠিকাদার হেমন্ত কুমার সিংহ রায় প্রমুখ।

হুসাইন মালিক/এনএইচআর/এমএস