খেলাধুলা

শরিফুল-নাহিদের পেশোয়ারের কাছে মোস্তাফিজের লাহোরের বড় হার

পারভেজ হোসেন ইমন ইনজুরিতে। নাহলে চারজন হয়ে যেতো। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এক ম্যাচে বাংলাদেশের তিনজন ক্রিকেটার খেলেছেন আজ (শনিবার)। সে ম্যাচে জিতেছেন শরিফুল ইসলাম-নাহিদ রানারা। পারভেজ ইমন-মোস্তাফিজুর রহমানদের লাহোর কালান্দার্সকে ৭৬ রানের বড় ব্যবধানে হারিয়েছে পেশোয়ার জালমি।

করাচি জাতীয় স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৭৩ রানের সংগ্রহ দাঁড় করায় পেশোয়ার জালমি। বাবর আজম ৪০ বলে খেলেন ৪৩ রানের ইনিংস। ৪৮ বলে ৫ চার আর ৪ ছক্কায় ৭৪ করেন কুশল মেন্ডিস। এছাড়া মোহাম্মদ হারিস ১০ বলে ১৮ আর মাইকেল ব্রেসওয়েল ১০ বলে করেন ২১ রান।

লাহোর কালান্দার্সের হয়ে মোস্তাফিজুর রহমান ৪ ওভারে ৩০ রান খরচায় নেন ২টি উইকেট।

জবাবে শরিফুল-নাহিদ রানাদের সামনে মুখ থুবড়ে পড়ে লাহোর। ১৭ ওভারে তারা অলআউট হয় ৯৭ রানেই। ফখর জামান আর আবদুল্লাহ শফিক করেন ২১ রান করে। শেষদিকে দুনিথ ওয়াল্লালাগের ব্যাট থেকে আসে ২৪ বলে ২০। ৩ বলে ১ বাউন্ডারিতে ৪ রান করেন মোস্তাফিজ।

শরিফুল ২ ওভারে ১৭ রান দিয়ে নেন একটি উইকেট। টানা দ্বিতীয় ম্যাচে উজ্জ্বল ছিলেন নাহিদ রানা। ৩ ওভারে ১৫ রান দিয়ে ২টি উইকেট শিকার করেন এই এক্সপ্রেস বোলার।

এমএমআর