খেলাধুলা

কিংস-ফর্টিসের জয়ে শিরোপার ত্রিমুখী লড়াই

চ্যাম্পিয়ন মোহামেডান যে পথ হারাবে, তা অনুমান করা গিয়েছিল দলবদলের পরই। শিরোপা ধরে রাখা তো দূরের কথা, সাদাকালোদের এখন লড়াই মোটামুটি একটা অবস্থানে থেকে টিকে থাকা। শুক্রবার আবাহনীর কাছে হারের পর কাগজ-কলমের হিসেবে টিকে থাকলেও বাস্তবে মোহামেডানের শিরোপার লড়াইয়ে ফিরে আসা কঠিন।

পয়েন্ট টেবিলে মোহামেডান সাতে নেমে যাওয়ার পর চ্যাম্পিয়ন হওয়ার জন্য তীব্র লড়াইয়ে বসুন্ধরা কিংস, ফর্টিস এফসি ও আবাহনী। শনিবার কিংস ও ফর্টিস নিজ নিজ ম্যাচে জেতায় লিগ শিরোপার লড়াইটা এখন ত্রিমুখী।

লিগের ১২ রাউন্ড শেষ। বাকি ৬ ম্যাচের ফলাফলে নির্ধারণ হবে কারা হাসবে শেষ হাসি। ২৭ পয়েন্ট নিয়ে সুবিধাজনক অবস্থানে বসুন্ধরা কিংস। টানা পাঁচবার চ্যাম্পিয়ন হয়ে নতুন রেকর্ড করার পরের আসরেই শিরোপাা হাতছাড়া হয়েছে কিংসের। এবার সেই শিরোপা উদ্ধারের দারুণ সম্ভাবনার সামনে দাঁড়িয়ে তারা। শনিবার আরামবাগের বিপক্ষে ২-১ গোলের জয়ে আরেকটি বাধা টপকেছে তারা।

২৫ মিনিটে নাইজেরিয়ান এমানুয়েল সাডে ও ২৮ মিনিটে ব্রাজিলের ডরিয়েলটন গোল করলে মনে হয়েছিল বড় ব্যবধানে জিতেই মাঠ ছাড়বে কিংস। ৬৪ মিনিটে ঘানার লানতে মাইলস গোল করে ব্যবধান ২-১ করার পর প্রতিদ্বন্দ্বিতা ফিরে আসে ম্যাচে। আরামবাগ পারেনি সমতা আনতে, কিংসও পারেনি ব্যবধান বাড়াতে। শেষ পর্যন্ত ২-১ গোলে জিতে জয়ের ধারায়ই থাকলো সাবেক চ্যাম্পিয়নরা।

ফর্টিস এফসি এবার শুরু থেকেই কিংসের চোখে চোখ রেখে এগিয়ে চলছিল। মাঝে পথ চলছিলও সমান্তরালেই। দ্বিতীয় লেগে কিংসের কাছে হারের পর ৩ পয়েন্টের যে পার্থক্য তৈরি হয়েছে সেটা ধরে রেখেছে শনিবার ২-০ গোলে পুলিশ এফসিকে হারিয়ে। গোল করেছেন মিঠু চৌধুরী ও পিয়াস আহমেদ নোভা।

আগের দিন মোহামেডানকে হারিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠেছিল আবাহনী। শনিবার ফর্টিস জিতে পেছনে ফেলেছে আবাহনীকে। আবাহনীর পয়েন্ট ২২। ফর্টিসের চেয়ে ২ আর কিংসের চেয়ে ৫ পয়েন্ট পেছনে। টেবিলের এই চেহারা ওলট-পালট করে দিতে পারে একটি ম্যাচেরই ফল।

আরআই/এমএমআর