বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বিএনপি ওয়াদা ভঙ্গ করে না। ওয়াদা ভঙ্গের কোনো উদাহরণ বিএনপির ইতিহাসে নেই।
তিনি আরও বলেন, বিএনপি ওয়াদা বাস্তবায়ন করে জনকল্যাণের রাজনীতি করে। তাই ওয়াদা ভঙ্গের পরিণতি বিএনপিকে স্মরণ করিয়ে দেবার কোনো প্রয়োজন নেই। এসব কথা বলে জনগণকে বিভ্রান্ত করা যাবে না।
শনিবার (১১ এপ্রিল) ময়মনসিংহের হালুয়াঘাটে দাখিল মাদরাসা প্রাঙ্গণে সম্প্রতি ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে ত্রাণসামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রিন্স আরও বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার যখন ফ্যাসিবাদের আবর্জনা সরিয়ে জনকল্যাণে কাজ শুরু করেছে, তখন জামায়াত-এনসিপি জোট নেতারা অহেতুক বানোয়াট ও অমূলক বক্তব্য দিয়ে রাজনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টি করে সরকারকে বাধাগ্রস্ত ও জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে।’
এসময় ময়মনসিংহ জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ারুল আজিজ টুটুল, উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, ধোবাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, সদস্যসচিব আনিসুর রহমান মানিক, রেড ক্রিসেন্ট সোসাইটির ইউনিট অফিসার হায়দার আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
কামরুজ্জামান মিন্টু/এসআর