জাতীয়

ফিলিস্তিনি জনগণের প্রতি বাংলাদেশের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত

ফিলিস্তিনের ন্যায়সংগত অধিকার ও দেশটির জনগণের প্রতি বাংলাদেশের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

রোববার (১২ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ রমজানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ সমর্থন পুনর্ব্যক্ত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

সাক্ষাৎকালে প্রতিমন্ত্রী ফিলিস্তিনের রাষ্ট্রদূতকে আন্তরিকভাবে স্বাগত জানান। এ সময় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয় ও সরকার গঠনের পর ফিলিস্তিনি নেতৃত্বের পক্ষ থেকে পাঠানো শুভেচ্ছা বার্তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় শামা ওবায়েদ ইসলাম বলেন, বাংলাদেশ দীর্ঘদিন ধরে দুই-রাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষে অবস্থান নিয়ে আসছে। মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার পক্ষে এই অবস্থান অব্যাহত থাকবে।

সাক্ষাৎকালে উভয়পক্ষ বাংলাদেশ ও ফিলিস্তিনের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের বিভিন্ন দিক নিয়েও আলোচনা করেন।

জেপিআই/এমএমকে