ভারতীয় সংগীতজগতের কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে আর নেই। মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সংগীত ও চলচ্চিত্র অঙ্গনে।
গানের পাশাপাশি ব্যক্তিজীবনে আশা ভোঁসলে ছিলেন এক ভিন্নমাত্রার মানুষ। সংগীতের মতোই তার আরেকটি বড় ভালোবাসা ছিল রান্না। কাছের মানুষদের কাছে তিনি ছিলেন অসাধারণ রাঁধুনি। তার হাতে তৈরি খাবার খেয়ে মুগ্ধ না হয়ে উপায় ছিল না বলে একাধিকবার জানিয়েছেন বলিউড তারকারা।
মুম্বাইয়ের অনেক নায়ক-নায়িকা নাকি আশার হাতে রান্না করা মাংস ও বিরিয়ানি খাওয়ার জন্য আগ্রহ দেখাতেন। বিশেষ করে কাপুর পরিবারের সদস্যদের কাছে তার রান্না করা মাছ, পায়া কারি ও ডাল ছিল ভীষণ প্রিয়।
এক পুরনো সাক্ষাৎকারে যখন তাকে জিজ্ঞেস করা হয়, গায়িকা না হলে তিনি কী হতেন? আশা হাসতে হাসতে বলেছিলেন, তিনি হতেন পেশাদার রাঁধুনি। হাস্যরসের ছলে চারটি বাসায় রান্না করে জীবিকা নির্বাহ করার কথাও বলেছিলেন তিনি।
তার এই সরলতা, হাস্যরস আর জীবনের প্রতি ভালোবাসা তাকে আরও আলাদা করে তুলেছিল। সংগীত যেমন তাকে অমর করেছে, তেমনি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে তার মানবিক ও আন্তরিক ব্যক্তিত্ব।
আজ তার প্রয়াণে শুধু সংগীত নয়, এক জীবন্ত আবেগেরও অবসান হলো।
এলআইএ