জাতীয়

বিদ্যুতের দাম সমন্বয়ের সুপারিশ দিতে মন্ত্রিসভা কমিটি

চলমান বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানি ও বিদ্যুতের ক্রমবর্ধমান সংকট সমাধানে বিদ্যুতের পাইকারি ও খুচরা মূল্যহার সমন্বয়ের বিষয়ে সরকারকে প্রস্তাব দিতে একটি মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে।

গত ৯ এপ্রিল অর্থমন্ত্রীকে আহ্বায়ক করে ছয় সদস্যের এই কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। 

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী এবং বাণিজ্য মন্ত্রীকে কমিটিতে সদস্য করা হয়েছে। এছাড়া অর্থ বিভাগ, বিদ্যুৎ বিভাগ এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিবদের কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে।

কমিটিকে চলমান বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানি ও বিদ্যুতের ক্রমবর্ধমান সংকট সমাধানে বিদ্যুতের পাইকারি ও খুচরা মূল্যহার সমন্বয়ের বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করে মন্ত্রিসভা-বৈঠকের জন্য সুনির্দিষ্ট প্রস্তাব প্রণয়ন করতে বলা হয়েছে। 

কমিটি প্রয়োজনে সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে। কমিটির সভা প্রয়োজন অনুযায়ী হবে। বিদ্যুৎ বিভাগ কমিটিকে সাচিবিক সহায়তা দেবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

আরএমএম/ইএ