দেশজুড়ে

বেরোবির ‘আবু সাঈদ বইমেলায়’ বই কিনলেই মিলছে গাছ

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) শুরু হওয়া চার দিনব্যাপী ‘শহিদ আবু সাঈদ বইমেলা’য় পাঠকদের নজর কেড়েছে এক অনন্য পরিবেশবাদী প্রচারণা। মেলায় পাঠকদের বই পড়ায় উৎসাহিত করার পাশাপাশি পরিবেশ রক্ষায় সচেতনতা বাড়াতে যেকোনো বই কিনলেই ক্রেতাকে একটি করে গাছের চারা উপহার দিচ্ছে ‘গ্রীন ভয়েস’।

রোববার (১২ এপ্রিল) থেকে বিশ্ববিদ্যালয় স্বাধীনতা স্মারক মাঠে মেলাটি শুরু হয়েছে। এটি চলবে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত।

খোঁজ নিয়ে জানা যায়, শহিদ আবু সাঈদের স্মৃতি বিজড়িত এই মেলায় তরুণ প্রজন্মকে ইতিহাস ও সাহিত্যের প্রতি আগ্রহী করার পাশাপাশি জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বৃক্ষরোপণের বার্তা পৌঁছে দিতেই এই ‘বই কিনলে গাছ ফ্রি’ ক্যাম্পেইন শুরু করেছে পরিবেশবাদী এই সংগঠনটি। মেলার শুরু থেকেই গ্রীন ভয়েসের স্টলটিতে পাঠকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

শিক্ষার্থী ও মেলায় আসা দর্শনার্থীরা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। পিয়াস ঘোষ নামে এক দর্শনার্থী বলেন, বই কিনলে সাধারণত ছাড় পাওয়া যায়, কিন্তু গাছ উপহার পাওয়াটা একদম আলাদা অনুভূতি। এটি আমাদের পরিবেশের প্রতি দায়বদ্ধতা মনে করিয়ে দিচ্ছে।

বর্তমানে ক্রমবর্ধমান তাপমাত্রার চ্যালেঞ্জ মোকাবিলায় এই উদ্যোগটি জ্ঞান ও প্রকৃতির মধ্যে এক অপূর্ব মেলবন্ধন তৈরি করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

গ্রীন ভয়েসের প্রতিনিধি সিয়াম কাজী জানান, তারা চান প্রতিটি শিক্ষার্থীর পড়ার টেবিলের পাশে বা বাড়ির আঙিনায় অন্তত একটি করে গাছ থাকুক। তিনি বলেন, আমাদের সংগঠনটি পরিবেশের দূষণ রোধে মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধিতে কাজ করে। পরিবেশ রক্ষার্থেই মেলা চলাকালীন আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

উল্লেখ্য, বইমেলার এই ব্যতিক্রমী আয়োজনটি শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষের প্রশংসা কুড়াচ্ছে।

আজিজুর রহমান/কেএইচকে/এমএস