খেলাধুলা

অনুশীলনে ছিলেন না এমবাপে, খেলতে পারবেন তো বায়ার্নের বিপক্ষে!

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে মাঠে নামার আগে নিজেদের প্রস্তুতি সেরে নিচ্ছে রিয়াল মাদ্রিদ। তবে প্রস্তুতি মোটেও ভালো হয়নি বা হচ্ছে না সেটি নিশ্চিত।

বায়ার্নের বিপক্ষে প্রথম লেগে হারার পর লা লিগায় আলভারো আরবেলোয়ার গট দল শুক্রবার জিরোনার বিপক্ষে ১-১ গোলে ড্র করে লা শিরোপা দৌঁড় থেকে অনেকটাই ছিটকে গেছে।

সঙ্গে যোগ হয়েছে নতুন দুশ্চিন্তা কিলিয়ান এমবাপের ইনজুরি। জিরোনার বিপক্ষে ম্যাচে চোখে আঘাত পাওয়ার পর গতকাল দলের অনুশীলনে অংশ নিতে পারেননি তিনি। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, সতর্কতামূলক কারণেই তাকে বিশ্রামে রাখা হয়েছে।

এক বিবৃতিতে ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছে, ‘জিরোনার বিপক্ষে ম্যাচের পর ডান ভ্রুতে সেলাই করা এমবাপে অস্বস্তির কারণে অনুশীলনে অংশ নিতে পারেননি।’

আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই বায়ার্নের বিপক্ষে ম্যাচ খেলতে জার্মানিতে যাবে রিয়াল। দলটি আশা করছে, সফরের আগে এমবাপে অনুশীলনে ফিরতে পারবেন, যা তার গুরুত্বপূর্ণ সেই ম্যাচ খেলার সম্ভাবনা বাড়াবে।

প্রথম লেগে রিয়ালকে ম্যাচে ফিরিয়ে আনার গোলটি করেছিলেন এমবাপে। তাই বুধবারের গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে শুরুর একাদশে পেতে মরিয়া দলটি।

তবে হাঁটুর চোট থেকে ফেরার পর সেরা ছন্দে নেই তিনি। ছন্দ ফিরে ফেলে রিয়ালকে একাই জিতিয়ে আনার ক্ষমতা রাখেন তিনি। তাই তাকে ঘিরে বাড়তি পরিকল্পনা সাজাতে হয় সব প্রতিপক্ষের। আর এই ম্যাচে সেই পারফরম্যান্সই চাইবেন কোচ আরবেলোয়া।

আগামী দুয়েকদিনের মধ্যেই বোঝা যাবে এমবাপে অনুশীলনে ফিরতে পারেন কিনা। আপাতত পরিস্থিতি নিয়ে খুব বেশি চিন্তিত নয় রিয়াল, তবে সমস্যা যদি থেকে যায়, তাহলে মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চাপ বাড়তে পারে।

আইএন