ইরানের সঙ্গে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যুদ্ধের কারণে বিশ্ববাজারে তেলের দাম লাফিয়ে বাড়ছে। এমন পরিস্থিতিতে দুই মাসের জন্য জ্বালানির ওপর কর কমানোর ঘোষণা দিয়েছে জার্মানি। খবর আল জাজিরার।
জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মের্জ বলেন, যুদ্ধের কারণে জ্বালানি সংকটে ক্ষতিগ্রস্ত পরিবার ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে স্বস্তি দিতে জার্মানি দুই মাসের জন্য পেট্রোল ও ডিজেলের ওপর কর কমাবে।
নিজের দল সিডিইউ এবং জোটের অংশীদারদের মধ্যে আলোচনার পর মের্জ সাংবাদিকদের বলেন, আমরা দুই মাসের জন্য ডিজেল এবং গ্যাসোলিনের ওপর জ্বালানি কর প্রতি লিটারে প্রায় ১৭ সেন্ট কমাবো।
এদিকে ইরানের ওপর যুক্তরাষ্ট্র নৌ অবরোধের ঘোষণা দেওয়ার পর তেলের দাম নতুন করে ব্যারেলপ্রতি ১০৩ ডলার ছাড়িয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর নতুন করে এই অবরোধের ঘোষণা দিয়েছেন।
আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম রোববার ৮ শতাংশের বেশি বেড়ে ব্যারেলপ্রতি ১০৩ ডলার ছাড়িয়ে গেছে। যুক্তরাষ্ট্র এবং ইরানি কর্মকর্তাদের মধ্যে যুদ্ধবিরতি আলোচনা ব্যর্থ হওয়ার পর ট্রাম্প রোববার ঘোষণা করেন যে, মার্কিন নৌবাহিনী হরমুজ প্রণালিতে সব ধরনের জাহাজের প্রবেশ বা প্রস্থান আটকে দেবে।
টিটিএন