ক্যাম্পাস

নব আনন্দে বর্ষবরণে মুখর ঢাবির বটতলা

পহেলা বৈশাখ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী বটতলায় অনুষ্ঠিত হচ্ছে সঙ্গীত বিভাগ আয়োজিত ‘নব আনন্দে জাগো বর্ষবরণ’ উৎসব। সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে মুখর হয়ে ওঠে ক্যাম্পাসের এই প্রাঙ্গণ।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৮টা থেকে শুরু হওয়া এই আয়োজন চলবে সকাল ১০টা পর্যন্ত। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনার পাশাপাশি নৃত্যও ছিল অন্যতম আকর্ষণ। বর্ণিল পরিবেশনায় শিল্পীরা নতুন বছরের আহ্বান জানান।

বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে সঙ্গীত বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। তারা বর্ষবরণকে ঘিরে বিভিন্ন গান পরিবেশন করেন, যা উপস্থিত দর্শনার্থীদের মাঝে নববর্ষের আনন্দ ছড়িয়ে দেয়।

এদিকে, দোয়েল ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠানটি সম্প্রচার করা হচ্ছে বলে জানা গেছে।

উপস্থিত সাখাওয়াত হোসাইন নামে একজন দর্শনার্থী বলেন, বর্ষবরণ করতে আয়োজিত এ ধরনের সাংস্কৃতিক আয়োজন ঢাবি ক্যাম্পাসে দীর্ঘদিনের ঐতিহ্য বহন করে আসছে। এবারও তার ব্যতিক্রম হয়নি; গান, নৃত্য আর উৎসবের আবহে নতুন বছরকে স্বাগত জানিয়েছেন সবাই।

এফএআর/এমআরএম